মোহনবাগানের কোচ বিদায় (ছবি- AI জেনারেটেড)আইএসএল ট্রফি হাতছাড়া হওয়ার পরেই সের্জিও লোবেরার বিদায় নিয়ে গুঞ্জন উঠতে শুরু করে দিয়েছে ময়দানে। দলের ফুটবলারদের একাংশ কোচের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রকাশ্যে অসন্তোষের কথা জানিয়ে দিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই হয়ত পরের মরসুমে দলের সঙ্গে থাকবেন না। তবে কোচের প্রতি তাঁদের ক্ষোভ একেবারেই অন্য মাত্রা যোগ করেছে।
লোবেরার জায়গায় কাকে কোচ করছে মোহনবাগান?
কোচের বিরুদ্ধে এমন ক্ষোভ উগরে দেওয়ার ঘটনা ময়দানে বিরল নয়। তবে কর্পোরেট ফুটবলের যুগে এমন ঘটনা খুব বেশি দেখা যায় না। এখন প্রশ্ন হল, লোবেরার জায়গায় কাকে কোচ করা হবে? সূত্রের খবর, মোহনবাগান পরের মরসুমের জন্য নর্থ ইস্ট ইউনাইটেডের বর্তমান কোচ হুয়ান পেদ্রো বানালির সঙ্গে কথাবার্তা বলছে। যদিও এ ব্যাপারটা এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি।
বৃহস্পতিবার ম্যাচ শেষে লোবেরার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। বলেন, 'কোচের কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন আছে। তো আমি আমাদের বোর্ডে এই নিয়ে আলোচনা করবো। যে আমার মনে হয় টিম গঠন এবং টিমের অনেক পরিবর্তন দরকার করবে।' এখন প্রশ্ন হল, তা হলে কি কোচ বদলের কথাই বলতে চাইছেন দেবাশিস? সেটা যদিও এখনই স্পষ্ট করেননি মোহনবাগান সভাপতি।
দলের ফুটবলারদের খারাপ পারফরম্যান্স ও স্ট্রাইকারদের গোল মিস নিয়েও মুখ খুলেছেন দেবাশিস। তিনি মনে করেন, 'আমাদের শেষ কয়েকটি ম্যাচে পারফরম্যান্স সন্তোষজনক নয়, এবং জেনারেলি ফরওয়ার্ডরা প্রচুর বলে মিস করেছে, আজকেও প্রচুর বলে মিস করেছে। তো এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে পরের বছরে আমাদের টিম গঠনের কাজটা ঠিক করে করতে হবে।'
দলের একাধিক ফুটবলারও এ নিয়ে মুখ খুলেছিলেন। অজি বিশ্বকাপার জেসন কামিন্স বলেছেন, 'মনে হয় না এই দলের আমাকে আর প্রয়োজন। এই মরসুমে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে থাকতে হয়েছে। এভাবে চালিয়ে যাওয়া আর সম্ভব নয়।' রবসন রবিনহো ক্ষোভ মূলত টিম ম্যানেজমেন্ট ও কোচের প্রতি। রবসন বলেছেন, 'আমাদের আরও অনুশীলন প্রয়োজন ছিল। আমরা ফুটবলাররাও চেয়েছিলাম সেটা। প্রতিদিন ১ ঘন্টার প্রস্তুতিতে চ্যাম্পিয়ন হওয়া যায় না।' তবে ব্রাজিলীয় উইঙ্গারের খেলা এবার একেবারেই পছন্দ হয়নি কারও। ফলে তাঁকে রেখে দিলেও একজন গেম মেকার হয়তো নিতেই হবে মোহনবাগানকে। যার অভাব প্রতিনিয়ত বোধ করেছেন ম্যাকলারেনরা। গ্রেগ স্টুয়ার্টের পরিবর্ত যে তিনি নন, এই কথা বুঝতে ফুটবলবোদ্ধা হওয়ার প্রয়োজন পড়ে না। আর সেই কারণেই নর্থ ইস্ট থেকে আলাদিন আজারেইকে সই করানোর চেষ্টা করছে সবুজ-মেরুন।