
অস্কার ব্রুজো ও ইমামি কর্তা আদিত্য আগারওয়ালপ্রবল চাপের মুখে ইস্টবেঙ্গল। সমালোচনার ঝড় বইছে কোচ অস্কার ব্রুজোকে নিয়ে। এরমধ্যেই কি তিনি পদত্যাগ করতে চলেছেন? এই জল্পনা আরও উস্কে দিল সোশ্যাল মিডিয়া। কারণ, অস্কার নিজের সোশ্যাল মিডিয়ার বায়ো এডিট করে বাদ দিলেন ইস্টবেঙ্গলকে। এরপর থেকেই সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়।
কেন অস্কারকের নিয়ে অসন্তোষ?
এবারের আইএসএল-এ প্রথম দুই ম্যাচ জয় পেলেও, তৃতীয় ম্যাচ থেকেই হোঁচট খেতে শুরু করে ইস্টবেঙ্গল। পরপর তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করায় চাপ বেড়েছে লাল-হলুদের। পরপর দুটো টুর্নামেন্ট ভাল খেলে সমর্থকদের মধ্যে আশা জাগিয়েছিলেন এই অস্কারই। তবে সেই স্প্যানিশ কোচেই মোহভঙ্গ হয়েছে সমর্থকদের। একের পর এক ভুল সিদ্ধান্ত, অযথা মাথা গরম করে তাঁর দেওয়া কিছু বিবৃতি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
এ ব্যাপারে ক্লাব কর্তারা যদিও দায় ঝেড়েই ফেলতে চাইছেন। শনিবার কেরালা ব্লাস্টার্স ম্যাচ ড্র হওয়ার পর সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারকে। তাদের স্পষ্ট দাবি, অস্কারকে ছাঁটাই করতে হবে। তবে এ ব্যাপারে ক্লাব যে কোনও সিদ্ধান্ত নিতে পারে না, সেটা স্পষ্ট করে দিয়েছেন দেবব্রত। তিনি সাংবাদিকদের সামনে জানান, 'ভেবেছিলাম কিছু বলব না। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, এত খারাপ ফুটবল আগে দেখিনি।' কোচ বদলের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে, তাঁর উত্তর ছিল, 'কোচ বদলের ব্যাপারটা আমাদের হাতে নেই। কোম্পানি বিষয়টা দ্যাখে।'

কী জানিয়েছিল ক্লাব?
এর আগে দলের খারাপ ফলের জন্য ক্লাবের কিছু কর্তার বিরুদ্ধে নাম না করে অন্তর্ঘাতের অভিযোগ করেছিলেন অস্কার। কড়া প্রতিক্রিয়া দিয়েছিলো ক্লাব। জানানো হয়েছিল, কোনও অভিযোগ থাকলে বোর্ড মিটিং-এ এসে অভিযোগ জানান অস্কার। ফলে কেরালা ম্যাচের আগে থেকেই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।
কী সিদ্ধান্ত নিতে চলেছে ইমামি?
এই প্রসঙ্গেই যোগাযোগ করা হয়েছিল ইমামি কর্তা আদিত্য আগারওয়ালের সঙ্গে। তিনি ফোনে জানান, 'ভাল খেললে তো কোচকে নিয়ে আলোচনার কথা ওঠে না দুই একটা ম্যাচ খারাপ খেললেই সমালোচনা কেন?' অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, ইমামি কর্তারা কিন্তু অস্কারের পাশেই দাঁড়াচ্ছেন। এখন দেখার স্প্যানিশ কোচ কী পদক্ষেপ নেন।