Advertisement

ক'দিন আগে দুলছিল, লেকটাউনে মেসির সেই মূর্তি সরানোই হচ্ছে, কাজ শুরু, দেখুন

কলকাতায় লেকটাউন মোড়ে স্থাপিত ৭০ ফুট উচ্চতার লিওনেল মেসির মূর্তি সরানো হচ্ছে। প্রবল হাওয়ায় মূর্তিটি দুলতে থাকায় সেটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছেন ইঞ্জিনিয়াররা। সেই কারণেই প্রশাসনের তরফে মূর্তিটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অর্থাত্‍ সোমবার সকালেই ঘটনাস্থলে পৌঁছেছে দুটি হাইড্রোলিক ক্রেন। মূর্তির সামনে উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ এবং কর্মীরা। ক্রেনের সাহায্যে মূর্তি অপসারণের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর লেকটাউন মোড়ে ফাইবারগ্লাসের এই বিশাল মেসি মূর্তিটি বসানো হয়েছিল। সেদিন কলকাতায় এসেছিলেন ফুটবল তারকা লিউনেল মেসি। তিনি একটি পাঁচতারা হোটেল থেকে ভার্চুয়ালি এই মূর্তির উদ্বোধন করেছিলেন। এরপর থেকেই মূর্তিটি ওই মোড়ে স্থায়ীভাবে স্থাপন করা ছিল। কিছুদিন আগে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, জোরালো বাতাসে মূর্তিটি দুলছে। বিষয়টি জানানো হয় লেকটাউন থানাকে। এরপর একটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারিং দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। পরিদর্শনের পর ইঞ্জিনিয়াররা নিশ্চিত হন যে মূর্তিটি সত্যিই দুলছে এবং তা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এরপরই দ্রুত অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন সংস্থার ইঞ্জিনিয়াররা মূর্তির কাঠামো পরীক্ষা করেন এবং দুর্ঘটনা এড়াতে সেটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল।

Advertisement
POST A COMMENT