
বিরাট কোহলি ও সেই ভক্তশ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের তিনটিতেই জিতেছে ভারতীয় দল (Team India)। তিরুবন্তপুরমে শেষ একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার দাপটে রীতিমত লজ্জায় পড়তে হয়েছে শ্রীলঙ্কাকে। ভারতের করা ৩৯১ রানের জবাবে খেলতে নেমে ৭৩ রানেই সমস্ত উইকেট হারিয়ে ফেলেন দাশুন শনকারা। তবে এই ম্যাচে মূল আকর্ষণ ছিল বিরাট কোহলির (Virat Kohli) ১১০ বলে ১৬৬ রানের ইনিংস। ম্যাচের মাঝেই এক ভক্ত বিরাটের সঙ্গে দেখা করার জন্য নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়েন।
সেই ভক্ত খেলা চলাকালীনই মাঠের মধ্যে ঢুকে পড়েন এবং বিরাটের পা ছুঁয়ে প্রণাম করেন। পাশেই তখন দাঁড়িয়েছিলেন শুভমন গিল (Shubman Gill), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। ম্যাচের পর বিরাট ও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সঙ্গে ছবিও তোলেন সেই ভক্ত। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এখন ভাইরাল।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতীয় দলে ফিরবেন তারকা ক্রিকেটার?

খেলা চলাকালীন মাঠে কোনও ফ্যানের ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। এই মাসের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে রাজকোটে অনুষ্ঠিত তৃতীয় টি২০ ম্যাচেও দেখা গিয়েছিল এমন দৃশ্য। নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে ভারতের স্পিডস্টার উমরান মালিকের পা চেপে ধরেন সেই ভক্ত। গত বছর টি২০ বিশ্বকাপ চলাকালীনও ভারতের ম্যাচে মাঠের মধ্যে ঢুকেছিলেন এক ফ্যান। তবে সেক্ষেত্রে মাঠে ঢুকে পড়ায় কঠিন শাস্তির মুখে পড়তে হয় তাঁকে। মোটা অঙ্কের জরিমানা দিতে হয় সেই ফ্যানকে।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকেও ছিটকে যাবেন পন্ত? আবারও অস্ত্রোপচার হবে ঋষভের

তৃতীয় একদিনের ম্যাচে দারুণ ব্যাট করেন বিরাট কোহলি। তিন নম্বরে ব্যাট করতে নেমে তাঁর ১৬৬ রানের ইনিংস ভারতকে পৌঁছে দেয় ৩৯০ রানে। এটা বিরাটের একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে ৪৬তম শতরান। তাঁর ইনিংসে ছিল, ১৪টা চার ও ২টি দারুণ ছক্কা। অধিনায়ক রোহিত শর্মা ভাল শুরু করেও বড় রান করতে পারেননি। ৪৯ বলে ৪২ রান করে আউট হন তিনি। অন্যদিকে আরেক ওপেনার শুভমন গিল ৯৭ বলে ১১৬ রান। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ৭৩ রানেই।
ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে টিম ইন্ডিয়া। ভারত একদিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে। এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের। তারা ২০০৮ সালে আয়ারল্যান্ডকে ২৯০ রানে হারায়।