রয় কৃষ্ণা এটিকে মোহনবাগান ছেড়ে দিয়েছেন রয় কৃষ্ণ। দীর্ঘদিন ধরেই এটিকে মোহনবাগানের অন্যতম ভরসা ছিলেন ফিজিয়ান এই তারকা। তবে কেন রয় কৃষ্ণ হঠাৎ এটিকে মোহনবাগান ছাড়তে গেলেন? তা নিয়ে শুরু হয়েছিল অনেক জল্পনা। এক সাক্ষাৎকারে রয় কৃষ্ণ সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি ছাড়তে চাননি তাঁকে ছাড়তে বাধ্য করা হয়েছে। সরাসরি কোচ জুয়ান ফেরান্দোকে দায়ী করেছেন তিনি।
এটিকে মোহনবাগানের জার্সিতে ৬০ ম্যাচে ৩৬ গোল করা রয় কৃষ্ণ জানিয়েছেন, ''ছাড়ার সিদ্ধান্ত মোটেই আমার ছিল না। কোচ অন্য স্টাইলে খেলতে চেয়েছিলেন। আমাকে বলা হয়েছিল, আমি নাকি সেই স্টাইলে ফিট করছি না। ক্লাব যে আমায় রাখতে চাইছে না সেকথা আগে জানানো হয়নি। যদি আগে জানানো হতো তবে সমর্থকদের তা আমি বোঝাতে পারতাম।
অভিমান থাকলেও রয় কৃষ্ণ মনে করেন, এটাই ফুটবল। তিনি বলেন, ''নতুন কোচ আসার পরে সব বদলে গেল। আসলে ফুটবল এমনটা হয়। ওঁর সঙ্গে কথা হয়নি। আসলে এই মরশুমে খেলব না জানতে পেরে নিজেই আবেগতাড়িত হয়ে পড়েছিলাম।''
জুয়ান নন, রয় কৃষ্ণর পছন্দ অন্তোনিও লোপজ হাবাসকেই। আর সেই কারণে আইএসএল এর অন্যতম সফল কোচকে এগিয়ে রাখতে চাইছেন তিনি। কৃষ্ণ বলেন, ''দু'জনের থেকেই অনেক কিছু শিখেছি দু'জনকেই শ্রদ্ধা করি। তবে আমার ভোট হাবাসের দিকেই। কারণ ওঁর কোচিংয়ে আড়াই মরশুম খেলেছি। ওঁর কোচিংয়েই আমার যাবতীয় সাফল্য।''
দুই কোচের ট্যাকটিকস নিয়েও মুখ খোলেন রয় কৃষ্ণ। তিনি বলেন, ''হাবাসের কোচিং-এ আমরা রক্ষণাত্মক খেলতাম। যে যেখানেই থাকুক একসঙ্গে দল হিসেবে লড়াই চালাতাম। হুয়ান পজিশনাল ফুটবল খেলায়। বল নিজেদের দখলে রাখতে বলে। দু'টো স্টাইল সম্পূর্ণ আলাদা।''
আরও পড়ুন: আবার চুক্তি-জট ইস্টবেঙ্গলে, থমকে টিম গঠন
দল ছাড়লেও মোহনবাগান সমর্থকরা তাঁর হৃদয় থেকে যাবে। এমনটাই জানিয়েছেন তিনি। রয় বলেন, ''ক্লাব ছাড়ার আগে কিছু সমর্থকের সঙ্গে আমার কথা হয়েছিল। সেই জন্য আমি খুব ভাগ্যবান। সব ম্যাচের শেষেই স্টেডিয়ামের প্রতিটা কোনায় ছুটে গিয়ে ওদের ধন্যবাদ দেওয়ার চেষ্টা করতাম।''