
গরম বাড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে পাতিলেবুর দাম। এক মাসে দাম বাড়ল প্রায় ৫০%!Lemon Price Hiked in Kolkata: ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। মার্চের মাঝামাঝি কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়িয়েছে। আর গরম বাড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে পাতিলেবুর দাম।
ক’টা দিন আগে পর্যন্ত ১০ টাকায় যেখানে ৪টে পাতিলেবু পাওয়া যেত, সেখানে এখন তিনটের দাম পড়ছে প্রায় ২০ টাকা। কলকাতার গড়িয়াহাট, লেকমার্কেটে পাতিলেবু এখন ৩টে ২০ টাকায় বিক্রি হচ্ছে। কসবা, হালতু আর বালিগঞ্জ স্টেশন সংলগ্ন বাজারে ২০ টাকায় ৩-৪টে লেবু পাওয়া যাচ্ছে। আকার অনুযায়ী, পাতিলেবুর দামে হেরফের হচ্ছে।
আরও পড়ুন: রাজ্যজুড়ে বাড়ছে চিকেনের দর; ১৫ দিনে ৩০% বাড়ল মাংসের দাম
টালিগঞ্জ, বালিগঞ্জ, লেক মার্কেট, কসবা, যাদবপুর থেকে শুরু করে বিধাননগর— সর্বত্রই পাতিলেবুর দর গত ২-৩ সপ্তাহে অনেকটাই বেড়েছে। গরম বাড়তেই ফের ঊর্ধ্বমুখী হয়েছে পাতিলেবুর দর। এক মাসে কলকাতার প্রায় সব বাজারেই পাতিলেবুর দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে গিয়েছে।

এ রাজ্যের চাহিদার বেশিরভাগ পাতিলেবুর আমদানি করা হয় দক্ষিণ ভারত থেকেই। গরম বাড়তেই বেড়েছে পাতিলেবুর চাহিদা আর সেই সঙ্গেই বেড়েছে দাম। কসবার এক সবজি বিক্রেতা জানান, বাজারে এখনও চাহিদা অনুযায়ী জোগানে টান রয়েছে। এই রকম চলতে থাকলে আগামী দিনে আরও কিছুটা বাড়তে পারে পাতিলেবুর দাম। তবে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আর গুজরাত থেকে পাতিলেবুর আমদানি করা হচ্ছে। বাজারে জোগান বাড়লেই লেবুর দাম হয়তো কিছুটা কমতে পারে।