
একেই বোধ হয় বলে পোড়া কপাল! জমি বিক্রি করে ৫ লক্ষ টাকা পেয়েছিলেন রাজস্থানের এক কৃষক। ব্যাঙ্কে ওই টাকা না রেখে পলিথিন ব্যাগে ভাল করে বেঁধে মাটির নীচে পুঁতে রেখেছিলেন।

কেউ যাতে জানতে না পারে। একেবারে গোপনে। সম্প্রতি সেই যখের ধন মাটি খুঁড়ে বের করতেই মাথায় হাত কৃষকের।

রাজস্থানের এই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, প্রায় একবছর আগে ওই কৃষক তাঁর একটি জমি বিক্রি করে ৫ লক্ষ টাকা পেয়েছিলেন।

পরিকল্পনা ছিল, ওই টাকায় একটি পাকাবাড়ি বানাবেন। টাকা যাতে চুরি না হয়ে যায়, তাই পলিথিন ব্যাগে ভরে মাটির নীচে লুকিয়ে রেখেছিলেন। পরে সেখান বের করে খরচ করবেন।

কিন্তু কপালে ওই টাকা ছিল না কৃষকের। পরিবারের দাবি, প্রচুর মদ্যপানের ফলে কিছু মনে রাখতে পারেন না ওই ব্যক্তি। ফলে টাকা মাটির তলায় রেখে বেমালুম ভুলে গিয়েছিলেন।

কোথায় ঠিক মাটি খুঁড়ে রেখেছিলেন, কিছুতেই মনে করতে পারছিলেন না। স্ত্রী ও ছেলেরা খুঁজে হয়রান। শেষকালে যখন হদিশ পেলেন, তখন সব শেষ। বর্ষায় চাষের কাজ চলছে।

সম্প্রতি রাতের অন্ধকারে চোখ এড়িয়ে যায়। পরের দিন সকালে ওই কৃষকের স্ত্রী ও ছেলেরা মাটি খুঁড়ে টাকা ভর্তি পলিথিন ব্যাগটি বের করেন।

তারপর দেখেন, পলিথিন ব্যাগের মধ্যে ভর্তি টাকা বেশির ভাগটাই উইপোকায় খেয়েছে। অবশিষ্ট যেটুকু পড়ে আছে, তা-ও অচল। কারণ অর্ধেকই উই পোকার পেটে গিয়েছে।

৫ লক্ষ টাকার সবটাই এখন অচল। অর্ধেক নোট তো নেই-ই। উইপোকায় খাওয়া ওই সব নোট নিয়ে SBI-এর শাখায় গিয়েছিলেন। ব্যাঙ্ক সাফ জানিয়ে দিয়েছে, নোটের যা অবস্থা, কিছু করার নেই। অর্থাত্ ৫ লক্ষ টাকা ক্ষতি। সব শেষ! উই পোকাদের পেটে।