মাল নদীতে ভয়াবহ দুর্ঘটনা। দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা! ডুয়ার্সের মাল নদীতে হড়পা বানে ভেসে গেলেন অনেকে। প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে পুলিশ-প্রশাসন। নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বন্ধ করে দেওয়া হয় বিসর্জন। নদীর মাঝে চরে আটকে পড়েছিলেন কমপক্ষে ৪০ জন। তাঁদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় দুর্গাপ্রতিমা বিসর্জন চলছিল মাল নদীতে। আচমকা বিপর্যয় ঘটে। তীব্র গতিতে ধেয়ে আসে নদীর জল। ভেসে যান অনেকে। জলের মাঝে আটকে পড়ে গাড়িও। প্রশাসন সূত্রে খবর,কমপক্ষে ২০-২৫ জন নিখোঁজ। প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং পুলিশ। আটকে পড়া মানুষদের উদ্ধার করতে নামানো হয় জেসিবি।
জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান,'স্থানীয়ভাবে কোনও বৃষ্টি হয়নি। পাহাড়ি নদী এটা। পাহাড়ে ভারী বৃষ্টির ফলে হড়পা বান চলে এসেছিল। অনেককে উদ্ধার করা হয়েছে। ৩০-৪০ জন্য আটকে পড়ছিলেন চরে। তাঁদেরও উদ্ধার করা হয়েছে।'
জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন,'রাত সাড়ে ৮টা নাগাদ হড়পা বান নেমেছিল। কয়েক জন ভেসে যান। তাঁদের মধ্যে সাত জনের দেহ উদ্ধার হয়েছে। নদীর মাঝে একটা চরে আশ্রয় নেন অনেকে। তাঁদের সকলকে উদ্ধার করা হয়েছে। এখনও নদীতে তল্লাশি অভিযান জারি রয়েছে। দুই ধার খালি করে দেওয়া হয়েছে। পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনি এবং অসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে।'
আরও পড়ুন- জামিনের আশা ছাড়লেন পার্থ! আর্জিই করলেন না, কালীপুজোও কি জেলেই?