প্রতীকী ছবিদোলের আগেই এক বিদেশিনীসহ জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার মায়াপুরে। ওই বিদেশিনীর নাম লীলা অবতার দাস, বয়স ৩৫। অপর জনের নাম বিশ্বরূপ দাস। তাঁর বয়স ২১ বলে জানা যাচ্ছে। প্রথম জন থাকতেন মায়াপুরের গঙ্গানগর এলাকায়। অপরজনের বাড়ি গৌরনগরে। তাঁরা দুজনেই মায়াপুরের ইসকন মন্দিরের ভক্ত বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্পর্কে নিজেদের ভাই বোন বলে দাবি করত ওই দুই যুবক যুবতী। বুধবার সন্ধ্যায় গঙ্গানগর এলাকায় ছাড়ি গঙ্গার ধারে সান্ধ্যকালীন ভ্রমণে বের হন তাঁরা। স্থানীয়দের দাবি, সম্ভবত সেই সময়ই কোনও একজন জলে পড়ে গেলে অপরজন তাঁকে বাঁচাতে যান। সেইসময় দ্বিতীয় জনও তলিয়ে যান। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে মায়াপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে ওই যুবককে উদ্ধার করে। তারপর বেশি রাতের দিকে উদ্ধার হয় বিদেশিনী ভক্ত।
এরপর ওই বিদেশিনী ও ওই যুবককে মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার সকালে মায়াপুর গ্রামীণ হাসপাতাল থেকে দেহ দুটি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রঙের উৎসবের আগে এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মায়াপুর জুড়ে।
আরও পড়ুন - পরীক্ষার্থীদের দাবি মেনে রিভাইসড রেজাল্ট জারি রেলের, দেখুন নোটিশ