প্রতীকী ছবিতৃণমূল কর্মীর গুলিতে আহত অপর তৃণমূল কর্মী। অভিযোগ অন্তত তেমনটাই। গোসাবার বাঘাহারিন গ্রামের ঘটনা। হাসপাতালে চিকিৎসাধীন আহত তৃণমূল কর্মী। অপর দিকে অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে একের পর এক এই ধরনের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে রাজনৈতিকমহলে।
জানা গিয়েছে, সোমবার রাত ৮টা নাগাদ গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের বাঘাহারানি গ্রামের বাজারের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী মনোরঞ্জন মণ্ডল। অভিযোগ, সেই সময় মনোরঞ্জন মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় অসীম মণ্ডল নামে অপর এক তৃণমূল কর্মী। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মনোরঞ্জন মণ্ডল। এরপর তড়িঘড়ি তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান হয়।
খবর পেয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু হয়। ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত অসীম মণ্ডলকে। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এদিন ছররা গুলি চালায় অসীম। যার জেরে আহতের প্রাণের ঝুঁকি কিছুটা কম। স্থানীয় ও আহতের পরিবার সূত্রে খবর এলাকা দখলকে কেন্দ্র করেই এদিন গুলি চালান হয়েছে মনোরঞ্জনের ওপর। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বারেবারেই রক্তপাত
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মিলছে সংঘর্ষ অশান্তি ও রক্তপাতের খবর। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। উদ্ধার হচ্ছে বেআইনি অস্ত্রও। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের গোষ্ঠী কোন্দরের জেরেই এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও সেই সমস্ত অভিযোগ বারেবারেই খারিজ করে চলেছে তৃণমূল। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের এই অশান্তির চিত্র পরিস্থিতি রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে ওয়াকিবহালমহলের।
আরও পড়ুন - শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়-ত্বক মোলায়েম রাখে এই ফলের রস, জেনে নিন