অতি গভীর নিম্নচাপটি আজ সকালে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ রাতের মধ্যেই ঘূর্ণিঝড়টি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর শক্তি বাড়িয়ে এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী ২৮ তারিখ দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির সরাসরি প্রভাব এ রাজ্যের উপর পড়ার সম্ভাবনা নেই। তবে আগামী ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গে ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
Cyclone Arnab Landfall Latest Updates