
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কেটি জ্যাকারিয়া। তাঁর প্রশংসা আগেই শোনা গিয়েছিল ট্রাম্পের মুখে। বলেছিলেন, 'MAGA (মেক আমেরিকা গ্রেট এগেইন)-এর সদস্য ও একনিষ্ঠ ভক্ত' জ্যাকারিয়া।

আগামী মাসে নভেম্বরে মার্কিন কংগ্রেসে মিড টার্ম নির্বাচন। প্রবল রাজনৈতিক চাপে রয়েছেন ট্রাম্প। এহেন চ্যালেঞ্জিং সময়েই জ্যাকারিয়াকে প্রেস সেক্রেটারি নিয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট।

কিন্তু ট্রাম্পের এই বিশেষ স্নেহধন্য প্রেস সেক্রেটারির নিয়োগ, আদৌ ঠিক তো? মানে তিনি সত্যিই যোগ্য তো? প্রশ্নটা উঠছে, কারণ হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি পদে বসার পরেই প্রথমবার সাংবাদিক সম্মেলনেই ভুল করলেন। ডোনাল্ড ট্রাম্পকে 'মাই হাসব্যান্ড' বলে ফেললেন। অর্থাত্ ডোনাল্ড ট্রাম্পকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিলেন। পরক্ষণেই অবশ্য তিনি ভুল শুধরে নেন। কিন্তু ততক্ষণে বিশ্ব মিডিয়াতে যা হওয়ার হয়ে গিয়েছে। একেবারে ভাইরাল।

প্রথমত, প্রেস সেক্রেটারি হতে গেলে যে দক্ষতা লাগে, তা প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েই প্রশ্নচিহ্ন তুলে দিলেন জ্যাকারিয়া। একাধিক বার কথা জড়িয়ে গেল ৪১ বছর বয়সী ওই মহিলার।

বললেন, 'প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। আমার উপর আস্থা রাখার জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই। দীর্ঘদিন ধরেই আমি তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছি,' মাত্রাতিরিক্ত আবেগ ও উচ্ছ্বাস দেখা গেল চোখেমুখে। মোদ্দা বিষয়, স্নায়ুর উপর নিয়ন্ত্রণের অভাব চোখে পড়ল।

এরপর ৪১ বছর বয়সি ওই মহিলা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি চার সন্তানকে কীভাবে সময় দেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বামীর সঙ্গে নিজের বস ট্রাম্পকে গুলিয়ে ফেলেন।

ডেলি মেইলের এক সাংবাদিক জ্যাকারিয়াকে প্রশ্ন করেন, সন্তানদের সময় দেওয়ার পাশাপাশি কীভাবে হোয়াইট হাউসের মতো জায়গায় এত চাপের কাজ সামলাবেন? কিন্তু উত্তর দিতে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েন জ্যাকারিয়া।

প্রথমে স্বামী তথা চলচ্চিত্র প্রযোজক টাইলার জ্যাকারিয়ার কথা উল্লেখ করেন তিনি। এরপর জানান, সন্ধ্যায় সন্তানদের সঙ্গে সময় কাটাতে না পারাটা তাঁর কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। কিন্তু এর পরেই ঘটে যায় অস্বস্তিকর ঘটনা। কথা বলতে গিয়ে নিজের স্বামীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলিয়ে ফেলেন তিনি। বলে বসেন, 'আমার প্রেসিডেন্ট, দুঃখিত, আমার স্বামী এখানে রয়েছেন।'

পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে জাকারিয়া বলেন, 'বাহ, এটা তো বেশ মজার!' তবে তাঁকে বেশ বিচলিত দেখাচ্ছিল। এরপর দ্রুত ব্রিফিং রুম ছেড়ে বেরিয়ে যান তিনি। এভাবেই ১৫ মিনিটও পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে যায় তাঁর প্রথম সাংবাদিক বৈঠক।

বিদায়ী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের পদে জ্যাকারিয়ার নিয়োগ হঠাত্ করেই ঘোষণা করেন ট্রাম্প। অনেকেই ভাবতে পারেননি। বস্তুত, এই মুহূর্তে ট্রাম্পের গ্রহণযোগ্যতা আমেরিকায় তলানিতে ঠেকেছে। মার্কিন কংগ্রেসের উপরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ আদৌ থাকবে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠছে।

নভেম্বরে মিড টার্ম নির্বাচনের আগে ব্যাপক চাপে ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জ্যাকারিয়া বহুদিন ধরেই রিপাবলিকান রাজনীতির সঙ্গে যুক্ত। ফক্স নিউজেও তাঁকে মুখপাত্র হিসেবে দেখা গিয়েছে। ফক্স নিউজে ট্রাম্পের নীতির প্রচার করতেন জ্যাকারিয়া।

ছাত্রজীবনে কলেজ রিপাবলিকান অর্গানাইজেশনেরও প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের দ্বিতীয় টার্মে হোয়াইট হাউসে অফিস পলিটিক্যাল অ্যাফেয়ার্সে ইন্টার্ন হিসেবে কাজ করেছেন। ২০১১ সালে আইন নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন। যদিও তাঁর শিক্ষাগত সার্টিফিকেটের বৈধতা নিয়েও নানা বিতর্ক রয়েছে।