
বোরখা পরে সংবাদপাঠিকা। মুখ ঢাকা মিশকালো বোরখায়। খবর পড়ছেন সঞ্চালিকা। এমন ছবি সম্প্রচারিত হল আফগান টেলিভিশনে। তালিবানি শাসকদের ফতোয়ায় বাধ্য হয়ে কালো পোশাকে মুখ ঢাকলেন মহিলা অ্যাঙ্কাররা। এহেন ফতোয়ার নিন্দায় সরব হয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কর্মীরা।
বৃহস্পতিবার তালিবান ফতোয়া দেয়, টিভি চ্যানেলের সঞ্চালিকা মুখ দেখিয়ে খবর পড়তে পারবেন না। বোরখাই পরতে হবে। সেই নির্দেশ অনুসরণ করে কয়েকটি চ্যানেল। রবিবার থেকে সব চ্যানেলেই একই ছবি। টোলোনিউজের সঞ্চালিকা সনিয়া নিয়াজি বলেন,"একটা বহিরাগত সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মুখ ঢেকে রাখতে বাধ্য করছে ওরা।' এজন্য অনুষ্ঠান সঞ্চালনায় সমস্যা হচ্ছে বলেও জানান তিনি।
একটি স্থানীয় সংবাদ মাধ্যম সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে ফতোয়া পেয়েছিল তারা। কিন্তু রবিবার থেকে সেটা মেনে চলতে বাধ্য করা হয়েছে। উল্লেখ্য এর আগেও তালিবান শাসকরা নারীদের ওপর অনেক বিধিনিষেধ আরোপ করেছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত মহিলাদের উপর বিবিধ নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল আফগানিস্তানের তালিবান সরকার। যার মধ্যে বোরকা পরা ছিল বাধ্যতামূলক।
২০২১ সালের আগস্টে আবার ক্ষমতায় ফিরে আসার পর তালিবানরা প্রাথমিকভাবে উদার মনোভাব দেখিয়েছিল। কিন্তু সেটা তাদের মুখোশ ছিল। গত কয়েক সপ্তাহ ধরে মহিলাদের উপর একের পর এক পোশাক বিধি চাপিয়ে দিচ্ছেন তালিবরা।

চলতি মাসের শুরুতে তালিবান ফতোয়া জারি করেছিল, সাধারণ্যে সমস্ত মহিলাদেরকে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা পোশাক পরতে হবে। নারীরা প্রয়োজন হলেই ঘর থেকে বের হবেন। কোনও নারী পোশাকবিধি লঙ্ঘন করলে শাস্তির মুখে পড়বেন তাঁর সঙ্গে থাকা পুরুষ অভিভাবক। ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে তালিবান।
আরও পড়ুন- বিয়ের কেনাকাটা শুরু হতেই দামবৃদ্ধি, দর বাড়লেও সস্তা সোনা