অসমে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলের বৈঠকঅসমে ভোটের মুখে জোর ধাক্কা খেল কংগ্রেসের জোট ইউনাইটেড অপোজিশন ফ্রন্ট। স্থানীয় দল রাইজোর দল গুরুতর অভিযোগ তুলল কংগ্রেসের বিরুদ্ধে। তাদের অভিযোগ, কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কংগ্রেস ঔদ্ধত্য দেখাচ্ছে। গুয়াহাটিতে গত ৬ মার্চ বিরোধীদের বৈঠকে রাইজোর দলকে বাদ দিয়ে দেয় কংগ্রেস। ফলে রাইজোর দল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটে না-ও থাকতে পারে।
গৌরব গগৈয়ের ঔদ্ধত্য মাত্রাছাড়া: রাইজোর দল
রাইজোর দলের মূল অভিযোগ গৌরব গগৈয়ের বিরুদ্ধে। রাইজোর দলের নেতাদের দাবি, গৌরব গগৈয়ের ঔদ্ধত্য মাত্রাছাড়া। বিজেপি বিরোধী জোট গড়ার ক্ষেত্রে তাঁর অনীহা রয়েছে। বিরোধী জোটে একনায়কের মতো আচরণ করছেন গৌরব। রাইজোর দলের দাবি, বিরোধীদের বৈঠক রাইজোর দলকে ডাকাই হয়নি। এই ধরনের আচরণ অত্যন্ত অসম্মানজনক বলে আখ্যা দিয়েছেন রাইজোর দলের নেতারা। এর নেপথ্যে রয়েছেন গৌরব গগৈ। তিনিই রাইজোর দলকে দূরে ঠেলে দিয়েছে একার সিদ্ধান্তে।
অসমে রাইজোর দলের সঙ্গে কংগ্রেসের মূল দ্বন্দ্ব আসন সমঝোতা নিয়ে। রাইজোর দল প্রথমে ২৭টি আসনে লড়তে চেয়েছিল। অসম জাতীয় পরিষদ চেয়েছিল ২৬টি আসন। কংগ্রেস জানিয়েছিল, এত আসন ছাড়া যাবে না। রাইজোর দলের বক্তব্য, পরে তা কমিয়ে তারা ২০ ও আরও কমিয়ে ১৫টি করেছে। রাইজোর নেতাদের দাবি, কংগ্রেস তাদের ১৩টি আসন ছাড়তে চাইছে। তার মধ্যেও শর্ত দেওয়া হয়েছে, ৪টি আসন তারা নিজেদের ইচ্ছে মতো নিতে পারেন, বাকিগুলি কংগ্রেস ঠিক করে দেবে।
ধিং আসনটি ঘিরে সংঘাত
এরপরেও রাইজোর দলের তরফে প্রস্তাব দেওয়া হয়, কংগ্রেসের সব শর্ত তারা মেনে নেবে, কিন্তু ধিং আসনটি তাদেরকেই ছাড়তে হবে। কারণ ধিং আসনে রাইজোরের সংগঠন মজবুত বলে দাবি। তাতেও মানেনি কংগ্রেস। তার বদলে রাইজোরকে দলগাঁও আসনটি দিতে চায় কংগ্রেস। রাইজোরের দাবি, দলগাঁও আসনটিতেও দেখা যাচ্ছে, রাইজোরের বিরুদ্ধে যাচ্ছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। কিন্তু তাতেও কংগ্রেস নেতৃত্ব কোনও অ্যাকশন নেয়নি।
দ্বন্দ্বের আরেকটি কারণ হল, আসন সমঝোতা বৈঠকে কংগ্রেস সরাসরি প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়। রাইজোরের দাবি, জোটকে পাত্তা না দিয়ে দিমউ, বরসোলা, মার্গেরিটা, দিসপুর, দুলিয়াজন সহ একাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। এই পরিস্থিতির মধ্যেও রাইজোর জানায়, জোটের সম্ভাবনা বজায় রাখার জন্যই বিতর্কিত আসনগুলিতে তারা প্রথমে প্রার্থী ঘোষণা থেকে বিরত ছিল। তবে আসন সমঝোতার প্রশ্নের বাইরেও দুই দলের মধ্যে আদর্শগত পার্থক্যের বিষয়টিও সামনে এনেছে দলটি।
অতীতের একাধিক ঘটনা তুলে ধরে ক্ষোভ প্রকাশ রাইজোরের
রাইজোর দলের নেতাদের অভিযোগ, কংগ্রেস নেতৃত্ব কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে আগ্রহ দেখায়নি। অথচ জোট গঠনের জন্য এটিকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত বলে মনে করেছিল। দলটি অতীতের কিছু অস্বস্তিকর ঘটনার কথাও উল্লেখ করেছে। বিশেষ করে ২০২১ সালের অসম বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের সঙ্গে তাদের মতবিরোধের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। তখন রাইজোর দলের অভিযোগ ছিল, বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট-এর সঙ্গে সমঝোতায় যাওয়ার পর কংগ্রেস আগের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ায়। রাইজোর দল আরও দাবি করেছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় তারা বিভিন্ন আসনে কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করলেও কংগ্রেস তাদের জন্য কোনও আসন ছাড়েনি।
ফলে বিরোধীদের আসন সমঝোতার বৈঠক কোলাপস করে গিয়েছে। যার ফলে, অসমে বিরোধী ঐক্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।