গৌরব গগৈ ও হেমন্ত সোরেনঅসমে বিধানসভা নির্বাচনে এন্ট্রি নিতে চলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সে ক্ষেত্রে অসমে কংগ্রেসের সঙ্গে জোট করেই প্রার্থী দেবে হেমন্ত সোরেনের দল? অসমের প্রদেশ কংগ্রেস প্রধান গৌরব গগৈ মিটিং সেরে ফেললেন হেমন্ত সোরেনের সঙ্গে। ঝাড়খণ্ড মুক্তিমোর্চা INDIA জোটেরও শরিক।
অসমে হেমন্তের এন্ট্রি
রাঁচিতে পৌঁছে গৌরব বললেন, তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। এই ধরনের আলোচনা ব্যক্তিগত ভাবেই করতে চান। অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তৎপরতা বাড়িয়েছে কংগ্রেস। সেই প্রেক্ষিতেই ঝাড়খণ্ড সফরে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার ইঙ্গিত দিলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। রাঁচিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, সৌজন্য সাক্ষাতের চেষ্টা করা হবে। তবে এ ধরনের আলোচনা সংবাদমাধ্যমের সামনে না করে ব্যক্তিগত বৈঠকেই হওয়া উচিত।
গৌরব গগৈ বলেন, 'ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অসম সফরে গিয়েছিলেন। আমরাও তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতের চেষ্টা করব। তবে এই ধরনের বিষয় সংবাদমাধ্যমে প্রকাশ করার নয়। সরকারি বৈঠকেই আমরা আমাদের মতামত জানাব।' ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন চলতি সপ্তাহেই অসম সফরে গিয়েছিলেন। সেখানে তিনি আদিবাসী ঐক্যের বার্তা দেন এবং একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
অসম নির্বাচনের আগে কৌশল মজবুত করতে ঝাড়খণ্ডে কংগ্রেস
অসম বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্যে বর্তমানে ঝাড়খণ্ডে রয়েছেন গৌরব গগৈ। তিনি জানান, দলের কৌশল আরও মজবুত করতে ঝাড়খণ্ড কংগ্রেসের নেতাদের সমর্থন চাইতেই এই সফর। গগৈ বলেন, 'অসম নির্বাচনের আগে কংগ্রেসের তরফে বন্ধু তিরকেকে সিনিয়র অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি অসমের সব জেলাই ঘুরে দেখেছেন এবং মানুষের সমস্যাগুলি সম্পর্কে অবগত। আমরা আজ অসম প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ঝাড়খণ্ড কংগ্রেসের নেতাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, কীভাবে তাঁদের অভিজ্ঞ নেতারা আসন্ন নির্বাচনে কংগ্রেসকে আরও শক্তিশালী করতে পারেন।' জানা গিয়েছে, গৌরব গগৈ অসমের জোড়হাট কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
জোটে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে
এদিকে কংগ্রেসের শীর্ষ নেতা পবন খেরা জানান, জোটসঙ্গীদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও চলছে। গুয়াহাটিতে বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'মাঠপর্যায়ের সমীক্ষা ও জনমতের ভিত্তিতেই জোটসঙ্গীদের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে।' সেই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেনকে কটাক্ষ করে তিনি দুর্নীতির অভিযোগও তোলেন। পবন খেরা বলেন, '৯ হাজার টাকা বা ৯০ হাজার টাকা দিলেও মানুষ এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তির হাত থেকে মুক্তি চাইছে।'