Humayun Kabir: হুমায়ুনের দলের সঙ্গে জোট ভাঙল AIMIM, গোপন ভিডিও প্রকাশ হতেই নাটকীয় মোড়

হুমায়ুন কবীরের গোপন ভিডিও প্রকাশ্যে আসতেই বঙ্গ রাজনীতিতে নাটকীয় মোড়। 'ছোট ভাই'-এর সঙ্গে জোট ভাঙলেন 'বড় ভাই' আসাদউদ্দিন ওয়েইসি। আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কোনও রকম জোট রাখতে চান না তিনি। সঙ্গে জানিয়ে দেওয়া হল, নির্বাচনে একাই লড়বে AIMIM।

Advertisement
হুমায়ুনের দলের সঙ্গে জোট ভাঙল AIMIM, গোপন ভিডিও প্রকাশ হতেই নাটকীয় মোড়হুমায়ুন কবীর ( বাঁ দিকে), আসাদউদ্দিন ওয়েইসি (ডান দিকে)
হাইলাইটস
  • 'ছোট ভাই'-এর সঙ্গে জোট ভাঙলেন'বড় ভাই'
  • হুমায়ুনের গোপন ভিডিও প্রকাশ হতেই চাঞ্চল্যকর মোড়
  • নির্বাচনে একাই লড়বে AIMIM

একের পর এক নাটকীয় মোড় বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। এবার হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভেঙে দিল আসাদউদ্দিন ওয়েইসির AIMIM। দুই ভাই মিলে একসঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচনে ভোটের লড়াইয়ে নেমেছিলেন। শুধু এবারের বিধানসভা নির্বাচনই নয়, ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও এ রাজ্যে জোটে লড়াই করার ঘোষণা করে দিয়েছিলেন আসাদউদ্দিন ওয়েইসি। কিন্তু বাধ সাধল হুমায়ুনের লিক হওয়া 'বিতর্কিত' ভিডিও। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই ভিডিও প্রকাশ করার পরদিনই জোট ভাঙার ঘোষণা AIMIM-এর। 

কেন জোট ভাঙল AIMIM?
এক্স হ্যান্ডলে একটি বিবৃতি দিয়েছে আসাদউদ্দিনের দল। জানানো হয়েছে,  হুমায়ুন কবীরের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ কতটা অসহায় অবস্থায় রয়েছে। AIMIM-এর স্পষ্ট বক্তব্য, 'দল এমন কোনও বক্তব্য বা অবস্থানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে না, যেখানে মুসলিমদের মর্যাদা বা সততা নিয়ে প্রশ্ন তোলা হয়। বর্তমান পরিস্থিতিতে AIMIM হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট থেকে সরে আসছে। পশ্চিমবঙ্গের মুসলিমরা রাজ্যের অন্যতম দরিদ্র, অবহেলিত এবং বঞ্চিত সম্প্রদায়। দীর্ঘদিন ধরে ধর্মনিরপেক্ষ শাসন চললেও তাদের অবস্থার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।' 

বিধানসভা নির্বাচনে একা লড়াই করবে বলেও সাফ জানিয়ে দিয়েছে আসাদউদ্দিনের দল। ভবিষ্যতেও তারা আর কোনও দলের সঙ্গে জোট করবে না, এ কথাও স্পষ্ট করেছে AIMIM। 

উল্লেখ্য, নিজের দল আম জনতা উন্নয়ন পার্টি গড়ার পর AIMIM-র সঙ্গে জোট করে বাংলায় ভোটে লড়ার কথা বলেন হুমায়ুন কবীর। মার্চ মাসের শেষে আসাদউদ্দিন ওয়েইসি রাজ্য সফরে এসেছিলেন। সাংবাদিক বৈঠকে তাঁকে 'বড় ভাই' সম্বোধন করে আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণাও করেছিলেন AJUP নেতা। সেইসময় দু'জনেই জানিয়েছিলেন, শুধু বিধানসভা নির্বাচন নয়, আসন্ন লোকসভা নির্বাচনেও তারা একসঙ্গে লড়বেন। এমনকী, মুসলিম ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করার ডাকও দিয়েছিলেন 'দুই ভাই'।

কী রয়েছে ভিডিওতে?

বৃহস্পতিবার হুমায়ুন কবীরের একটি ভিডিও প্রকাশ্যে আনে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, BJP-র থেকে টাকা নিয়ে মুসলিম ভোটারদের ভুল বোঝানোর চেষ্টা করেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। ভিডিওতে দেখা গিয়েছে, হুমায়ুনকে। জনৈক ব্যক্তির সঙ্গে তাঁর কথোপকথন রেকর্ড হয়েছে ভিডিওতে। হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে, BJP-র কাছ থেকে তিনি হাজার কোটি টাকা চাইছেন মুসলিম ভোটকে প্রভাবিত করার জন্য। এর মধ্যে ৩০০ কোটি টাকা অগ্রিম চেয়েছেন তিনি। হুমায়ুনকে আরও বলতে শোনা গিয়েছে, বাবরি মসজিদের দাবি তিনি তুলেছেন মুসলিম সমাজের ভাবাবেগকে কাজে লাগানোর জন্য। তিনি বলেন, 'বাবরি নামের থেকেও মসজিদটা আসল। PMO-র সঙ্গে কথা বলে শুরুতে অসমের মুখ্যমন্ত্রী এবং পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই কাজে আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন।' bangla.aajtak.in অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

Advertisement

হুমায়ুনের প্রতিক্রিয়া

গোটা ঘটনাটিকে 'AI' বলে তৃণমূলের চক্রান্তের অভিযোগ করেছেন হুমায়ুন কবীর।

 

POST A COMMENT
Advertisement