জ্ঞানেশের সঙ্গে সাক্ষাতের আগেই শুরু আইনি যুদ্ধরবিবার দুপুরে দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ২ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টে নাগাদ তৃণমূলের প্রতিনিধিদলকে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে থেকে সময় দেওয়া হয়েছে। আর এই আবহেই সামনে আসছে বড় খবর। ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুখ্যমন্ত্রীর এই মামলার বিষয়টি প্রকাশ্যে এসেছে।
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (SIR)-র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলনেত্রীর সাক্ষাতের কথা রয়েছে। সেই সাক্ষাতের আগেই এই মামলার খবর সামনে এসেছে। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
প্রসঙ্গত, বাংলায় SIR প্রক্রিয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব বাংলার মুখ্যমন্ত্রী। SIR-এর জেরে শতাধিক মানুষের মৃত্যুর অভিযোগ তুলে লাগাতার সরব হয়েছেন তিনি। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোজাসুজি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী। কমিশনের বিরুদ্ধে শীর্ষ আদালতে পিটিশন দায়ের করেছেন তিনি।
এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে একের পর এক চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসব চিঠিতে হিয়ারিংয়ে বিশিষ্টজনদের ডাকা নিয়ে সরব হয়েছেন। আবার এসআইআর-র জেরে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছেন। SIR নিয়ে এবার সরাসরি আইনি যুদ্ধে অবতীর্ণ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবার দিল্লি পৌঁছেই সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন ও রাজ্যের CEO দফতরের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেন তিনি। আরও জানা গিয়েছে, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলা দায়ের করেছেন। আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের SIR নিয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে উপস্থিত থাকবেন বলে আগেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক আগে তিনি নিজেই মামলা দায়ের করলেন। আগামী বুধবার মামলাটির শুনানি হতে পারে।