দ্বিতীয় তালিকায় রূপা-তাপস-কৌস্তভদের ওপর বাজি গেরুয়া শিবিরেরবৃহস্পতিবার দুপুরে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (WB BJP)। এদিনের তালিকায় একাধিক ‘হেভিওয়েট’ ও বিনোদন জগতের পরিচিত মুখ ঠাঁই পেয়েছেন। বিশেষত, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তৃণমূলের দুর্গ ভাঙতে অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি তারকা এবং প্রাক্তন আমলাদের ওপর ভরসা গেরুয়া শিবিরের।
দ্বিতীয় তালিকায় একঝাঁক ‘চমক’
বিজেপির এদিনের তালিকায় সবচেয়ে বড় চমক মানিকতলা কেন্দ্রে। সেখানে তৃণমূলের বর্ষীয়ান প্রাক্তন নেতা তথা প্রাক্তন বিধায়ক তাপস রায়কে টিকিট দিয়েছে বিজেপি। উল্লেখ্য, দীর্ঘদিন ঘাসফুল শিবিরের সঙ্গে থাকার পর তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। রাজনৈতিক মহলের মতে, মানিকতলার মতো কঠিন পিচে অভিজ্ঞ তাপস রায়ই হতে পারেন বিজেপির সেরা বাজি।
অন্যদিকে, ব্যারাকপুরের রণক্ষেত্রে লড়ছেন কৌস্তভ বাগচী। ব্যারাকপুরের শিল্পাঞ্চলে বিজেপির ঝান্ডা ওড়ানোর দায়িত্ব তাঁর কাঁধে। এন্টালিতে দলের মুখ হচ্ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
গেরুয়া শিবিরের তালিকায় বিনোদন জগতের উপস্থিতিও চোখে পড়ার মতো। টালিগঞ্জ কেন্দ্রে অভিজ্ঞ রাজনীতিবিদ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়বেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। এছাড়া সোনারপুর দক্ষিণে টিকিট পেয়েছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। শ্যামপুরে দলের বাজি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। বালিগঞ্জে দলের মুখপাত্র ডা. শতরূপাকে প্রার্থী করেছে বিজেপি।
শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে এগরা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি।
বিশেষ নজরে সন্দেশখালি
এর আগে সন্দেশখালির ঘটনা রাজ্য রাজনীতিতে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। সেই আন্দোলনের মুখ রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের হয়ে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন আনন্দ সরকার।
এক নজরে বিজেপির তারকা প্রার্থীরা:
মানিকতলা: তাপস রায়
ব্যারাকপুর: কৌস্তভ বাগচী
টালিগঞ্জ: পাপিয়া অধিকারী
এন্টালি: প্রিয়াঙ্কা টিবরেওয়াল
সোনারপুর দক্ষিণ: রূপা গঙ্গোপাধ্যায়
মাথাভাঙা: নিশীথ প্রামাণিক
জগদ্দল: প্রাক্তন আইপিএস রাজেশ কুমার
নোয়াপাড়া: অর্জুন সিং
এগরা: দিব্যেন্দু অধিকারী
এদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসও গত ১৭ মার্চ, ২৯১টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়েছেন ভবানীপুর থেকে।