বড় দাবি শুভেন্দুরবৃহস্পতিবার ভবানীপুরে রাম নবমী পালন করেছিলেন শুভেন্দু অধিকারী। গেরুয়া পতাকা হাতে মিছিল করতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে। আর শুক্রবার নন্দীগ্রামে রাম নবমীর মহা মিছিলে পা মেলাতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। এদিন রাম নবমী উপলক্ষ্যে নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জনকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রায় অংশ নেন তিনি। এর পর জনকী নাথ মন্দিরে পুজোও দেন। এদিন সাংবাদিক সম্মেলনেও করেন শুভেন্দু। সেখান থেকে তৃণমূলকে নিশানা করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। জানিয়ে দেন এই কেন্দ্রে দ্বিতীয় হওয়ার জন্য লড়তে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
শুভেন্দু অধিকারী দাবি করেন, নন্দীগ্রামে আইএসএফ-এর সঙ্গে লড়াই করছে তৃণমূল দ্বিতীয় হওয়ার জন্য। এখানকার দাউদপুর, মহম্মদপুরের মুসলিম অধ্যুষিত এলাকায় তৃণমূলের থেকে আইএসএফ বেশি ভোট পাবে। রাম নবমীর অনুষ্ঠানে মুসলিম যুবকদের অংশগ্রহণ নিয়েও বলেন শুভেন্দু। দাবি করেন, সংখ্যালঘুরা বুঝে গিয়েছে মোদীজিই একমাত্র কাজ দিতে পারবেন। সেইসঙ্গে জানিয়ে দেন বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা প্রকল্পের টাকা ১ জুন থেকে অ্যাকাউন্টে ঢুকে যাবে।
প্রসঙ্গত, বিধানসভা ভোটে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন শুভেন্দু অধিকারী। গতকাল ভবানীপুরে হাতে হনুমানের পতাকা নিয়ে রাম নবমীর মিছিলে দেখা যায় শুভেন্দুকে। পদ্মপুকুর থেকে এলগিন রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা করেন হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুরের পদ্ম প্রার্থী। ঢাক-ঢোল, খোল-করতাল নিয়ে তাতে শামিল হতে দেখা যায় বিজেপি কর্মীদেরও। মন্দিরে পুজোপাঠও করেন তাঁরা, মিছিলে মুহূর্মুহু শোনা যায় ‘জয় শ্রী রাম’ স্লোগান।