SIR-এ ডিলিটেড লিস্টে খোদ BLO সহ ৬ ভাই-বোনের নামSIR নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। ইতিমধ্যেই ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারদের মধ্যে প্রায় ৪৪ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি করা হয়েছে। রাজ্যের তরফে দাবি করা হয়েছে এই ৪৪ লক্ষের মধ্যে প্রায় ৪৫ শতাংশের নাম 'ডিলিটেড লিস্ট'-এ রয়েছে। ফলে বহু মানুষ শঙ্কায় ভুগছেন। এমন পরিস্থিতিতে কোচবিহার থেকে সামনে এল আর চাঞ্চল্যকর ঘটনা। কোচবিহারে SIR-এর লিস্ট থেকে বাদ গেল খোদ BLO-র নাম। একইসঙ্গে তাঁর আরও ৫ ভাই-বোনের নামও রয়েছে 'ডিলিটেড লিস্টে'।
কোচবিহার দক্ষিণের বাসিন্দা রাবেদুল হুসেইন গত ২ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন রাজ্য সরকারের কর্মী হিসেবে। কয়েকমাস ধরে নিজের পার্ট ৪/৭৭-এ BLO-রও কাজ করছেন তিনি। কিন্তু ভোটার লিস্টে তাঁর নাম চলে যায় বিবেচনাধীন তালিকায়। এরপর সেই নাম নিষ্পত্তি হতে দেখা যায়, রাবেদুল সহ তাঁর ৬ ভাই-বোনের নাম চলে গিয়েছে 'ডিলিটেড লিস্ট'-এ।
ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রাবেদুল হুসেইন। নির্বাচন কমিশনকে 'নির্যাতন কমিশন' বলে উল্লেখ করে bangla.aajtak.in -কে তিনি জানান, "SIR-এর কাজ নিয়ে আমাদের এখানে চরম বিশৃঙ্খলা হচ্ছে। আমার নাম নেই দেখে, আমি AERO সাহেবকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি আমাকে আবেদনের লিঙ্ক পাঠিয়ে দিয়েছেন, কিন্তু উনি জানিয়েছেন বর্তমানে ব্যস্ত রয়েছেন।"
রাবেদুল দাবি করেছেন, ২০০২ সালের লিস্টে তাঁর বাবা, কাকা, দাদু, মা, মামাদের নাম রয়েছে। এমনকি, তাঁর বাবা-মায়ের নামও রয়েছে। সেক্ষেত্রে কোন হিসেবে তাঁদের ৬ ভাই-বোনের নাম বাদ গেল? তা বুঝতে পারছেন না তিনি।
গোটা বিষয়টি নিয়ে পরবর্তী ধাপ অর্থাৎ ট্রাইব্যুনালে যাওয়ারও প্রস্তুতি শুরু করেছেন রাবেদুল। তিনি জানান, "আপাতত সব দিক খতিয়ে দেখে ট্রাইব্যুনালে আবেদন করব। কেন আমাদের নাম বাদ দেওয়া হল, তা এখনও বুঝতে পারছি না।"