লিস্টে 'মৃত' হিসেবে নাম 'জীবিত' ভোটারের, তা-ও ভোট দিতে পারবেন৫৮ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে SIR-এর খসড়া তালিকা থেকে। এর মধ্যে রয়েছে 'ASD' তালিকা। যা নিয়ে বিস্তর অভিযোগ। কমিশনের ভাষায় যাকে বলা হচ্ছে, Absent, Shifted and Dead ভোটার। অর্থাৎ অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃতের তালিকা। জীবিত হওয়া সত্ত্বেও কমিশনের খসড়া ভোটার লিস্টে যাঁদের মৃত হিসেবে দেখানো হয়েছে, তাঁরা কি সেই আদৌ ভোট দিতে পারবেন?
'মৃত' হিসেবে নাম থাকা 'জীবিত' ভোটাররা ভোট দেবেন কীভাবে?
রাজ্যে CEO দফতরের তরফে আশ্বস্ত করে জানানো হয়েছে, ASD তালিকায় নাম থাকলেও ভোট দেওয়ার সুযোগ পাওয়া যাবে। তবে এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। তিনি জীবিত এবং তাঁর সমস্ত তথ্য সঠিক, এ কথা প্রমাণ করতে হবে।
ভোটকেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে একটি ডিক্লারেশন ফর্ম ফিলআপ করতে হবে খসড়া তালিকায় 'মৃত' হিসেবে উল্লেখ থাকা 'জীবিত' ব্যক্তিকে। ভোটের দিন প্রিসাইডিং অফিসারের কাছে একটি তালিকা থাকবে মৃত-স্থানান্তরিত কিবা অনুপস্থিত ভোটারের। তালিকায় থাকা কোনও ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে এলে তিনিও মিলিয়ে দেখবেন। নিজের সমস্ত তথ্য দেবেন সংশ্লিষ্ট ভোটার এবং প্রিসাইডিং অফিসার তা যাচাই করে দেখবেন। কিন্তু যদি প্রমাণিত হয় ওই ব্যক্তি সঠিক তথ্য দেননি, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে অবশ্য ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত SIR হিয়ারিংয়ের সময় বাড়ানো হয়েছে।
কমিশন আর কী কী জানিয়েছে?
> যাঁদের নাম খসড়া তালিকায় রয়েছে অথচ চূড়ান্ত তালিকা থেকে যদি বাদ পড়ে, তাহলে তাঁকে চিঠি দিয়ে কারণ জানাবে কমিশন।
> কোনও ভোটারের নাম নির্বাচনের নমিনেশনের দিন পর্যন্ত যোগ করা যেতে পারে।
মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্দেশ দিয়েছেন, কোনও মতেই যেন বিদেশি কারও নাম না থাকে ভোটার তালিকায়। কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।