পশ্চিমবঙ্গে ভোট কবে?রাজ্যে বিধানসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে। প্রকাশিত হয়েছে SIR পরবর্তী রাজ্যের ফাইনাল ভোটার লিস্টও। এখন কেবল ভোট ঘোষণা বাকি। আর এমন পরিস্থিতিতে রবিবার, ৮ মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসতে চলেছে বলে খবর বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে। আর সেই দলে থাকতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানের কুমার। তারপরই ভোট ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে খবর ছিল, ৯ মার্চ রাজ্যে আসতে চলেছে কমিশনের ফুল বেঞ্চ। যদিও এখন খবর পাওয়া যাচ্ছে যে ৯ নয়, বরং ৮ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। তাঁরা ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন বলেই খবর।
ওয়াকিবহল মহলের একাংশের মতে, ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গের আসার মোটামুটি ৩ থেকে ৪ দিনের মধ্যে ভোটা ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে বৃহস্পতিবার, ১২ মার্চ ভোটের দিন ঘোষণা হতে পারে বলে জল্পনা চলছে। কারণ, অতীতে দেখা গিয়েছে যে সাধারণত বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হয়। আর সেই ছক এবার মেনে চললে ১২ মার্চ হতে পারে ভোট ঘোষণা। যদিও এই সবই জল্পনা। এই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানা যায়নি।
কারা থাকতে পারেন এই বৈঠকে?
প্রশাসনিক সূত্রে খবর মিলেছে যে কমিশনের এই ফুল বেঞ্চ প্রথমে পশ্চিমবঙ্গ কমিশনের সঙ্গে বৈঠক করবে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের সিইও মনোজ কুমার অগরবাল। তারপর আরও একটি বৈঠক হতে পারে। সেখানে সিইও দফতরের আধিকারিক থেকে শুধু করে প্রতিটি জেলার ডিইও, পুলিশ প্রশাসনের শীর্ষকর্তা, ডিজি, সিপি, পুলিশ সুপার ও সিকিউরিটির সঙ্গে যুক্ত অন্যান্যরা উপস্থিত থাকবেন বলে প্রাথমিকভাবে খবর মিলছে।
রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠকের জল্পনা
তবে শুধু প্রশাসনিক পর্যায়ে বৈঠক করেই বসে থাকবে না কমিশনের ফুল বেঞ্চ বলে খবর। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক হতে পারে। আর সেই বৈঠকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার রয়েছে আশঙ্কা।
মাথায় রাখতে হবে যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস কমিশনকে ইতিমধ্যেই তোপ দেগেছে। তাদের পক্ষ থেকে ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে জবাব চাওয়া হতে পারে বলে খবর। এমনকী সিপিআইএম, কংগ্রেসও এই একই বক্তব্য রাখতে পারে। ওদিকে আবার বিজেপি ফর্ম ৭ নিয়ে প্রশ্ন তুলতে পারে।
তবে বৈঠকে যাই হোক না কেন, খুব শীঘ্রই যে ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে, এই কথাটা মোটের উপর পরিষ্কার।