Election : ভোটে বড় প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী নামিয়ে নির্বাচন করাবে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরি এই পাঁচ জায়গায় মোট প্রায় ১৭.৪ কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এত বিপুল সংখ্যক ভোটারকে মাথায় রেখে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কমিশন।

Advertisement
ভোটে বড় প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী নামিয়ে নির্বাচন করাবে কমিশন  ভোট শান্তিপূর্ণ করতে কড়া নির্বাচন কমিশন
হাইলাইটস
  • এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে চলেছে ৪ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন
  • তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নির্বাচন কমিশনের

এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে চলেছে ৪ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন। তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নির্বাচন কমিশনের। বুধবার কমিশনের তরফে জানানো হয়েছে, এবারের নির্বাচনে প্রায় ২৫ লক্ষ কর্মী মোতায়েন করা হবে। এর মধ্যে প্রায় ৮.৫ লক্ষ নিরাপত্তা বাহিনীর সদস্য থাকবেন। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরি এই পাঁচ জায়গায় মোট প্রায় ১৭.৪ কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এত বিপুল সংখ্যক ভোটারকে মাথায় রেখে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচনের সূচি ঘোষণা করার সময় জোর দিয়ে জানিয়েছিলেন, সমস্ত নির্বাচনী আধিকারিকদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন যাতে হিংসামুক্ত হয় সেটা দেখা ও নিশ্চিত করা কমিশনের কাজ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। 

কমিশন জানিয়েছে, মোতায়েন করা কর্মীদের মধ্যে থাকবেন প্রায় ১৫ লক্ষ পোলিং অফিসার। যাঁরা ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনা করবেন। এছাড়াও প্রায় ৪০ হাজার গণনা কর্মী, ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ২১ হাজার সেক্টর অফিসার এবং ভোট গণনার জন্য আরও প্রায় ১৫ হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হবে। 

প্রসঙ্গত, অসমে এক দফায় ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। একই দিনে কেরল ও পুদুচেরিতেও নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে তামিলনাড়ুতে ভোট হবে ২৩ এপ্রিল। পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হবে দুই দফায়। যথাক্রমে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। 

সবকটি রাজ্যের ভোট গণনা একসঙ্গে ৪ মে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই প্রশাসন, নিরাপত্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। 

POST A COMMENT
Advertisement