স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহবারংবার হুমায়ুন কবীরকে বিজেপির বি-টিম দাগিয়ে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতা-হুমায়ুনের যোগসাজশের দাবি তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন হুমায়ুন মমতারই এজেন্ট। এই সভাতে টেনে আনেন কাশ্মীরের ৩৭০ রদ প্রসঙ্গও। তৃণমূল, কংগ্রেস ৩৭০ অনুচ্ছেদকে রেখে দেওয়ার সমর্থনে ছিল বলেও দাবি তোলেন শাহ।
মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ভোট প্রচারে এসে শাহ বলেন, “হুমায়ুন কবীর দিদিরই এজেন্ট। দিদি হুমায়ুনের সঙ্গে যোগসাজশ করে এখানে বাবরি মসজিদ বানাতে চাইছেন। হুমায়ুন কবীর দিদিরই এজেন্ট। দিদি কান খুলে শুনে নিন, বিজেপির সরকার আসছে। পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বাবরি মসজিদ হতে দেব না। দিদি, আপনার সময় শেষ হয়ে এসেছে। এখানে বিজেপির সরকার আসছে। এখানে বাবরি মসজিদ তৈরি হতে পারবে না।”
কাশ্মীর প্রসঙ্গে “কাশ্মীর ভারতের অঙ্গ কি না? দিদি, কংগ্রেস সকলে মিলে ৭৫ বছর ধরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদকে রেখে দিয়েছিলেন। নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গবাসী ১৮টি আসন দিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দিয়েছেন। মোদীজিও ৩৭০ অনুচ্ছেদকে বিলোপ করে দিয়েছেন। ..... আপনারা বলুন, কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূল কি দেশকে সুরক্ষিত রাখতে পারবে? মোদী সরকার এ দেশ থেকে মাওবাদও নির্মূল করেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়াব।”
এদিন তৃণমূলকে তোপ দেগে শাহ এও বলেন, “একজন নেতা শিলিগুড়ি থেকে চিকেন নেক বাদ দিয়ে দেওয়ার কথা বলতেন। তাহলে উত্তরপূর্ব আলাদা হয়ে যাবে। কেন ভাই? আপনার বাবার দেশ না কি! এই যে বিচ্ছিন্নতাবাদী গ্যাং, এদেরও প্রশ্রয় দিচ্ছেন দিদি আর ভাইপো। এটা ভারতের জমি। পশ্চিমবঙ্গের জনতা এই ভোটে আপনাকে হারাবে। পশ্চিমবঙ্গের যুবকদের কর্মসংস্থান দেওয়া, শিক্ষা-স্বাস্থ্যের উন্নতি নয়, দিদির লক্ষ্য নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো।”
এদিন উত্তরবঙ্গের জন্য দার্জিলিং থেকে সুন্দরবন মহাসড়ক বানানোর প্রতিশ্রুতি দেন শাহ। এছাড়াও, সিন্ডিকেট রাজ, কৃষকদের জমি দেওয়া সহ একগুচ্ছ দাবি করেন।