কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী BJP থেকে আর কেউ ভোটের আগে দলবল করে তৃণমূলে আসতে চাইলে যেন এন্ট্রি না দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনই দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলের ধর্নার দ্বিতীয় দিনও ঝাঁঝালো বক্তব্য রাখেন শ্রীরামপুরের সাংসদ। মঞ্চ থেকেই নেত্রীকে তিনি অনুরোধ করেন, ভোটের আগে আর কোনও BJP নেতাকে যেন দলে না নেওয়া হয়। এমনকী, শুভেন্দু অধিকারী খোদ আসতে চাইলে তাঁকে মেরে ভাগানো হবে বলেও জানিয়ে দেন কল্যাণ।
ধর্নামঞ্চে তৃণমূল নেত্রীর দিকে তাকিয়ে এদিন কল্যাণের অনুরোধ, ‘আর কোনও গদ্দারকে নেবেন না দলে।’ তাঁর অনুরোধ শুনে হাত নেড়ে সম্মতিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্মতি পেয়েই কল্যাণের সংযোজন, 'দিদি বলেছে, আর কোনও গদ্দারকে নেবে না। কোনও গদ্দার আসবে না। ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলে যাঁরা আছেন, তাঁরাই কেবল থাকবেন। আর নতুন প্রজন্ম বা নতুন করে যাঁরা রাজনীতিতে আসতে চান, তাঁরা আসবে।' একধাপ এগিয়ে তৃণমূল সাংসদ বলেন, 'BJP-র কেউ আসবে না দলে। শুভেন্দু অধিকারী আসতে চাইলে মেরে ভাগাতে হবে।’ তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তবে শনিবার শুধু নয়, শুক্রবার ধর্নার প্রথম দিনও বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনীতি করে গদ্দারি করা নিয়ে আক্রমণ করেন কল্যাণ। পাল্টা শুভেন্দু জানান, তিনি কোনওদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করেননি।