Tribunal Appeal: কীভাবে চলবে ট্রাইব্যুনাল? বাদ পড়া ভোটাররা আদৌ ভোট দিতে পারবেন?

বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার লিস্ট ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। তবে কীভাবে চলবে ট্রাইব্যুনাল? ধোঁয়াশার মাঝেই এবার ৩ সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে আদৌ কি ভোট দিতে পারবেন ডিলিটেড ভোটাররা?

Advertisement
কীভাবে চলবে ট্রাইব্যুনাল? বাদ পড়া ভোটাররা আদৌ ভোট দিতে পারবেন? ট্রাইব্যুনালের কাজ বিশ বাঁও জলে
হাইলাইটস
  • কীভাবে চলবে ট্রাইব্যুনাল?
  • ৩ সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট
  • আদৌ কি ভোট দিতে পারবেন ডিলিটেড ভোটাররা?

অবশেষে বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার লিস্ট ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জেলা ধরে ধরে নিষ্পত্তির সেই হিসেব প্রকাশও করেছে তারা। কিন্তু তাতেও দেখা গিয়েছে বাদ পড়েছেন প্রায় ২৭ লক্ষেরও বেশি মানুষ। এই বাদ পড়া ভোটাররা আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে। তবে ভোটের আগে নিষ্পত্তি হয়ে ডিলিটেড ভোটাররা আদৌ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এতদিন এই ট্রাইব্যুনালের প্রক্রিয়া ছিল বিশ বাঁও জলে। তবে এবার ট্রাইব্যুনাল কী পদ্ধতিতে চলবে তা নির্ধারণ করতে একটি কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। কিন্তু কবে থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে, তা এখনও স্পষ্ট নয়। 

গত সোমবারই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ১৯টি আপিল ট্রাইব্যুনালে একইরকম প্রক্রিয়া চলবে। সেই প্রক্রিয়া নির্ধারণের জন্য এবার কমিটি গঠন করার নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত। সেই মতো বিবেচনাধীন প্রক্রিয়ার জটিলতা কাটাতে তিন প্রাক্তন বিচারপতির কমিটি গড়ে দিলেন কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতি সুজয় পাল। 

কমিটিতে থাকবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি টিএস শিবজ্ঞানম, অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ্ত রায় এবং অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণবকুমার দেব। ট্রাইবুনালের ১৯ জন বিচারপতি কোন পদ্ধতি মেনে কাজ করবেন, নির্ধারণ করবেন তাঁরাই। 

বিবেচনাধীন তালিকা থেকে ভোটার তালিকায় নাম ফিরেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের। বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। বাদ পড়া ভোটারদের ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ থাকছে। ২ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইবুনাল চালু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত দিন থেকে তা চালু হয়নি। পরে তা চালু হলেও যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁরা কোনও না কোনও রাজনৈতিক দলের প্রার্থী। বিশেষ আবেদনের ভিত্তিতেই তাঁদের নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল। সাধারণ মানুষের এক্ষেত্রে কোনও সুরাহা হয়নি। ফলত এই ট্রাইব্যুনালের পদ্ধতি তৈরি হয়ে গেলেও এবং নিষ্পত্তি প্রক্রিয়া শুরু হলেও আদৌ বাদ পড়া ভোটাররা এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েই গিয়েছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement