মমতা বন্দ্যোপাধ্যায়'আমার হাত থেকে লোক সরিয়ে নিয়ে তুমি কাল রঘুনাথগঞ্জে দাঙ্গা করেছ। বিজেপি তুমি করেছ। তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছ, যাতে দাঙ্গা করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছ, লুটপাট করেছ...' রানীগঞ্জের খান্দরা ফুটবল ময়দানের জনসভায় এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন, 'তোমরা পরশুদিন সিউড়িতে বন্দুক উঁচিয়ে মিছিল করেছ... আপনারা আমায় দোষ দেবেন না। সব নিজের মতো অফিসারদের নিয়োগ করেছে।' অর্থাৎ রামনবমীতে এহেন পরিস্থিতির জন্য তিনি বিজেপি এবং কমিশনকেই নিশানা করলেন।
রানিগঞ্জ নিয়ে কী বললেন?
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রানিগঞ্জ ধস প্রবণ এলাকা। ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা খরচ করে ৬০০০ ফ্ল্যাট তৈরি করেছি। আরও ৪০০০ ফ্ল্যাট তৈরি হচ্ছে।'
এরপর তিনি আবেদনের সুরে আরও বলেন, 'মানুষের জীবন সবথেকে দামি। একটা নয় দুটো করে ফ্ল্যাট দেবে সরকার। যদি আপনারা শিফট করেন। শিফটিংয়ের টাকাও দেবে। মোট ১০ লাখ টাকা করে ধরা হয়েছে... আপনারা ভাবুন নতুন করে। যদি কখনও কোনও ধস নামে, তাহলে মানুষের জীবন শেষ হবে। আমরা এটা চাই না।'
অফিসার নিয়ে কী দাবি?
এ দিন মমতা দাবি করেন, 'বিজেপির ভ্যানিশ কমিশন, কত নাম বাদ দিয়েছে। এমনকী যাঁরা এলাকা চিনত, এমন ৫০ থেকে ১০০ অফিসারকে তামিলনাড়ু থেকে কেরাল পাঠিয়েছে। যাতে গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে ও দাঙ্গা করতে পারে। তাই যেই সব অফিসার এখন দায়িত্বে রয়েছেন, তাঁদের বলব মানুষকে দেখুন। আমাকে দেখতে হবে না।'
ভোটার লিস্টে নাম বাদ নিয়ে আবার প্রশ্ন তুললেন
এ দিন মমতা অভিযোগ করেন, ৫০০ ভোটার থাকলে ৪০০ নাম বাদ। একটা লক্ষণ রেখা রয়েছে। বিজেপি সব লিমিট পেরিয়ে যাচ্ছে। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট কোথায়। প্রথমে ৫৮ লক্ষ বাদ হয়েছে। তারপর ৬০ লক্ষ লজিক্যাল ডিসপ্রিপেন্সি। এআই দিয়ে নাম ভুল করছে। এমনকী বিচারপতিদের নাম অ্যাডজুডিকেশনে রয়েছে বলে জানালেন তিনি।
তাঁর আরও অভিযোগ, বিজেপি সব নাম বাদ দিতে চায়। ওরা চায় দেশে শুধু একটাই দল থাকবে।
এমন পরিস্থিতিতে তাঁর দাবি, 'SIR হল মৃত্যুবান। এটার জন্যই তোমরা হারবে।'
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় দাবি
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের এখানে সবাই লক্ষ্মীর ভাণ্ডার পায়। কাউকে বাদ দেওয়া হয় না। যাঁদের প্রসেসে রয়েছে পেয়ে যাবেন।' পাশাপাশি তাঁর বক্তব্য, 'আমি দেউচা পচামি করছি। ১ লক্ষ মানুষের কাজ চলছে। আরও অনেক কাজ হবে।'