সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য রাখতে পারেন মমতাSIR মামলায় আজ, বুধবার সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সুপ্রিম কোর্টে এই মামলার সওয়াল করার জন্য বিচারপতির কাছে অনুমতি চাইতে পারেন। জানা গিয়েছে, মমতা তার আইনজীবীদের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন আবেদন দাখিল করেছেন যাতে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে যুক্তি পেশ করার অনুমতি চেয়েছেন। সুপ্রিম কোর্টে এন্ট্রির জন্য মমতা বন্দ্য়োপাধ্যায়ের নামে পাশও জারি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
মমতা বন্দ্য়োপাধ্যায়ের তরফে করা অন্তর্বর্তীকালীন আবেদনে বলা হয়েছে -
তিনি পশ্চিমবঙ্গের SIR মামলার একজন আবেদনকারী এবং মামলার সমস্ত তথ্য ও প্রেক্ষাপট সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত।
তিনি সুপ্রিম কোর্টের নিয়মকানুন, শিষ্টাচার ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন এবং আদালতের সমস্ত বিধি মেনে চলার অঙ্গীকার করছেন।
তিনি পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষের যে বাস্তব সমস্যা ও পরিস্থিতি তৈরি হয়েছে, তা সরাসরি জানেন।
উল্লেখ্য, আজ SIR নিয়ে মমতার দায়ের করা মামলাটির শুনানি হবে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। মমতা অবশ্য মুখ্যমন্ত্রী বা তৃণমূলনেত্রী হিসেবে নন, এক জন সাধারণ নাগরিক হিসেবেই এই মামলাটি দায়ের করেছেন।
প্রসঙ্গত, এর আগে মমতা বন্দ্য়োপাধ্যায় বারেবারেই দাবি করেছিলেন যে তিনি আইন পাশ করেছেন। যদিও আইনজীবীর পেশায় তিনি থাকেননি। তিনি দাবি করেছিলেন, আইনজীবী হিসেবে কালো কোট গায়ে দিয়ে বালুরঘাটের একটি মামলায় দাঁড়িয়েছিলেন। SIR নিয়ে তাঁর বক্তব্য ছিল, ‘দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে আবেদন জানাব, মানুষের হয়ে কথা বলব। আমি আইনজীবী। কিন্তু নাগরিক হিসেবে যাব। আমি আমার কথা বলতেই পারি।’