আলু চাষীদের ক্ষতিপূরণ দেবে সরকারচলতি মরশুমে আলুর রেকর্ড ফলনে চিন্তার ভাঁজ পড়েছিল চাষিদের কপালে। আশঙ্কা সত্যি করেই আলুর দাম কমে যায়। বাজারে আলুর দাম কমতেই মাথায় হাত পড়েছে আলু চাষিদের। রাজ্যের একাধিক জেলায় আলু চাষ করে এখন গাঁটের কড়ি গুনতে হচ্ছে বহু চাষিকে। আর এই আবহেই আলু চাষিদের বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার গড়বেতা হাইস্কুল ময়দানের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আলুচাষিরা অনেকেই প্রবলেমে আছেন। মনে রাখবেন, আপনাদের চিন্তা করার কোনও কারণ নেই। কৃষকদের যেমন শস্যবিমা আছে, তেমন আলুচাষিদের জন্যও আমরা শস্যবিমা করেছি। কারও একটি আলুও নষ্ট হলে, তিনি ক্ষতিপূরণ পাবেন। মনে রাখবেন, কেউ চাষির পেটের ভাত মারবেন না। তা হলে কিন্তু আমি ভয়ানক হয়ে যাই।'
ভোটের ময়দান থেকে আলু চাষিদের উদ্দেশ্যেও বার্তা দিয়ে মমতা বলেন, ‘আলু নষ্ট হলে আপনি ক্ষতিপূরণ পাবেন। আপনাদের শস্য বীমা করা আছে। আমরা আলু কিনব। সেগুলি রাখার জন্য কোল্ড স্টোরেজ আছে। বিজেপি নেতাদের বলছি আলু নিয়ে রাজনীতি করবেন না।’ তৃণমূলনেত্রীর বক্তব্য, ‘আমরা ৩০ শতাংশ কোল্ডস্টোরেজ করেছি যাতে আমরা আলু কিনে রাখবো।আইসিডিএস-মিড ডে মিলের জন্য আলু কেনা হবে। এমনকি কোনও চাষি যদি বাইরেও আলু বিক্রি করতে চান, তাহলেও সরকারের কোন আপত্তি নেই। যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ পাবেন। নিশ্চিন্ত থাকুন।’
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভাতেও আলু নিয়ে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, আলু নিয়ে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টির সরকার। বিদায়ী মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, তৃণমূল সরকার সবসময় আলু চাষীদের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। ক্ষতিপূরণ থেকে শস্যবিমার প্রসঙ্গ তুলে ধরে মমতা বলেন, 'উন্নয়ন নিয়ে আমায় কেউ জ্ঞান দেবেন না। আলু চাষীদের সমস্যা নিয়ে রাজনীতি আমি বরদাস্ত করবো না। যদি কোনও আলু চাষির আলু নষ্ট হয় সরকার আপনাকে ক্ষতিপূরণ দেবে, নিশ্চিন্তে থাকুন।'