জ্ঞানেশ কুমারআজ সাতসকালে কালীঘাট মন্দির গিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর সেখানে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়লেন। তাঁকে দেখান হল কালো পতাকা। পাশাপাশি উঠল 'গো ব্যাক' স্লোগান।
আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার এহেন বিক্ষোভ নিয়ে ইতিমধ্যেই রাজনীতির পারদ চড়তে শুরু করছে। যদিও এই বিক্ষোভ বা কালো পতাকা দেখান নিয়ে কোনও মন্তব্য করেননি জ্ঞানেশ। মন্দিরে পুজো দিয়ে তিনি বেরিয়ে গিয়েছেন বলেই খবর।
মাথায় রাখতে হবে যে, রবিবার রাতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছে। আর রাতে কলকাতায় আসার সময় তাঁকে কালো পতাকা দেখান হয়েছে। সেখানে চলে স্লোগানিং। রাস্তার ধারে CPIM এবং TMC, দুই পক্ষ থেকে কালই জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখান হয়। পাশাপাশি আর আজ সকালে সেই ঘটনারই পুনরাবৃত্তি।
আজ সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার অগরওয়াল। সেখানে তাঁরা পৌঁছনোর আগেই মন্দির চত্ত্বরে বিক্ষোভ চলছিল। সেখানে জ্ঞানেশ পৌঁছতেই বিক্ষোভ আরও চরমে ওঠে। শুরু হয়ে যায় গো ব্যাক স্লোগান। পাশাপাশি তাঁকে কালো পতাকা দেখান হয়। যদিও জ্ঞানেশকে এই পরিস্থিতিতে মেজাজ হারাতে দেখা যায়নি। এমনকী তিনি এই বিষয়টা নিয়ে মন্তব্য করতেও নারাজ ছিলেন।
বরং মন্দির থকে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্ঞানেশ বলেন, 'পশ্চিমবঙ্গের সকল ভাইবোনদের আমার নমস্কার। কালী মা সকলকে ভাল রাখুন।' এই ছিল তাঁর বক্তব্য। যদিও বিক্ষোভ নিয়ে প্রশ্নের মুখে পড়েও নীরব ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার।
৩ দিনের সফরে জ্ঞানেশ কুমার
মাথায় রাখতে হবে যে, রাজ্যে তিনদিনের সফরে এসেছেন জ্ঞানেশ কুমার। রাজ্যে ভোট প্রস্তুতির খবর নিতেই তিনি এসেছেন। তাঁর সঙ্গে এসেছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশীও। আর রাতে বাংলায় পা রাখার পরই তিনি সাতসকালে কালীঘাট মন্দিরে গেলেন পুজো দিতে। এরপর সকালেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে হবে বৈঠক। তারপর প্রশাসন এবং পুলিশ কর্তাদের সঙ্গে মিটিং হবে বলে জানা যাচ্ছে।
মাথায় রাখতে হবে যে SIR নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। অনেক যোগ্য ভোটারের নাম বাদ গিয়েছে বলে খবর। আর এমন পরিস্থিতিতে জ্ঞানেশ রাজ্যে আসায় উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।