গত ভোটে গোষ্ঠী কোন্দলেই হেরেছিল দলীয় প্রার্থী,দাবি পুরুলিয়ার TMC নেতার২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হাজারি বাউরিকে ভারতীয় জনতা পার্টি হারাতে পারেনি, বরং দলেরই কিছু ব্যক্তি তাঁকে পরাজিত করেছে। এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। রঘুনাথপুর এক নম্বর ব্লকের উদ্যোগে মধুতুটি লাইব্রেরি মাঠে আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মিসভায় তিনি এই দাবি করেন।
প্রসঙ্গত, গত ২০২১-এর বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর আসনে তৃণমূল প্রার্থী হাজারি বাউরি ৫২২৩ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। সুজয় বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে পর দলের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে রঘুনাথপুর বিধানসভার বিজেপির পর্যবেক্ষক দীনেশ শুক্লা বলেন, তৃণমূলের পায়ের নিচে মাটি নেই তাই হারার ভয়ে তারা আগে থেকে গোষ্ঠীদ্বন্দ্বের গল্প শুরু করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আজ থেকে নয় চিরকালই রয়েছে, এদের আসল গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে কাটমানির ভাগাভাগি। ২০২৬ বিধানসভা ভোটে রঘুনাথপুর বিধানসভায় বিজেপি প্রার্থী গতবার থেকেও দ্বিগুণ ভোটে মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করবে বলেও দাবি করেছেন রঘুনাথপুর বিধানসভার বিজেপির পর্যবেক্ষক দীনেশ শুক্লা ।
যাঁর হারা নিয়ে সুজয় বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন, সেই হাজারি বাউরি বলছেন, এটা সুজয় বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মতামত। আমি হেরেছি এটাই বাস্তব। কিন্তু তারপর লোকসভায় জিতেছি এটা সত্য। বিজেপির বিধায়কদের, নেতাদের দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না। মানুষকে বিভিন্নভাবে হয়রান করছে, দিদি মানুষের পাশে আছে , সেটাই এই কর্মীসভায় দেখা গেল। ২০২৬-এ আমরা জিতব এটাই বাস্তব। ২০২১-এর যে হার সেটা নিয়ে সবাই আফশোস করছে। এবার আমরা একসঙ্গে লড়াই করে জিতব।
রিপোর্টারঃ সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়