দিলীপ ঘোষবিজেপি নেতা দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য ঘিরে এবার পদক্ষেপ করল তৃণমূল। শাসকদলের অভিযোগ, জনসভা ও ভিডিও বার্তায় তাঁর বক্তব্যে প্ররোচনামূলক সুর রয়েছে, যা নির্বাচনী পরিবেশে অশান্তি তৈরি করতে পারে। এই অভিযোগ নিয়েই সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা।
তৃণমূলের দাবি, দিলীপ ঘোষ তাঁর বক্তব্যে শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রর বাড়িকে লক্ষ্য করে হামলার ইঙ্গিত দিয়েছেন। শুধু তাই নয়, কালীঘাট ও চেতলা এলাকার বাসিন্দাদেরও পরোক্ষে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। একটি ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, শশী পাঁজার বাড়িতে হামলা হলে কালীঘাট বা অন্যত্রও একই ঘটনা ঘটতে পারে।
তৃণমূলের অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বিজেপি কর্মীরাই তৃণমূল কর্মীদের ‘শায়েস্তা’ করতে সক্ষম, এমন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এই ধরনের মন্তব্যকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখছে ঘাসফুল শিবির।
এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে একাধিক দাবি জানিয়েছে তৃণমূল। তাদের দাবি, দিলীপ ঘোষকে অবিলম্বে শোকজ নোটিস পাঠানো হোক, তাঁর বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় এফআইআর দায়ের করা হোক এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হোক। পাশাপাশি, শশী পাঁজা ও মদন মিত্রের নিরাপত্তা জোরদার করার আবেদনও জানানো হয়েছে। এছাড়া, সোশ্যাল মিডিয়া থেকে সংশ্লিষ্ট ভিডিওগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার কথাও বলা হয়েছে।
এখন নজর, এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ এমনিতেই তুঙ্গে। তার মধ্যেই এই ধরনের অভিযোগ-প্রতিআভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।