সভা শুরুর আগেই দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল নওদার আমতলা।নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বিশৃঙ্খলা। রবিবার দুপুরে মুর্শিদাবাদে জনসভা করেন অভিষেক। কিন্তু সেই সভা শুরুর আগেই দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল নওদার আমতলা। জনসভা শুরুর আগেই প্রার্থী নির্বাচনকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের একাংশের ক্ষোভ।
এদিন দুপুর দেড়টা নাগাদ সভাস্থলে পৌঁছন ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জমান শেখের(Safiyuzzaman Sheikh) অনুগামীরা। এসেেই তাঁর স্লোগান দিতে শুরু করেন 'সাহিনা মমতাজ গো ব্যাক', 'এই প্রার্থী মানছি না'। প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েকদিনে অসন্তোষ প্রকাশ করেছিলেন সফিউজ্জমান অনুগামীরা। এদিন সেই ক্ষোভই প্রকাশ্যে।
সেই সময় মঞ্চে ছিলেন জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার(Apurba Sarkar), আবু তাহেররা। সভা শুরুর আগেই আচমকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের একাংশ চেয়ার ভাঙচুর শুরু করেন।
বিরোধী গোষ্ঠীর সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে বলে অভিযোগ। সাহিনা মমতাজের অনুগামীদের উপর হামলার অভিযোগ উঠেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রার্থী তালিকা প্রকাশের পর তৃণমূল ও বিজেপি; দুই দলের অন্দরেই ক্ষোভের ছবি সামনে এসেছে। নওদার এই ঘটনা সেই প্রবণতারই প্রতিফলন। স্থানীয় স্তরে গোষ্ঠীদ্বন্দ্ব এবং প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষ ছিলই। তবে অভিষেকের সভার আগে তা এভাবে প্রকাশ্যে আসায় কার্যত অস্বস্তিতে শাসক শিবির।