BJP-র মাতৃশক্তি ভরসা কার্ড, মমতা বন্দ্যোপাধ্যায় BJP-র বিরুদ্ধে গুরুতর ভাবে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। মহিলাদের জন্য ৩ হাজার টাকার প্রতিশ্রুতি দেওয়া কার্ড ছাপানো এবং তা রাজ্যজুড়ে বিলি করা নিয়ে তীব্র আপত্তি তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
কী নিয়ে বিতর্ক?
ক্ষমতায় এলে রাজ্যের সব মহিলাকে মাসে ৩ হাজার টাকা দেওয়ার ঘোষণা আগেই করেছিল BJP। বাংলায় ভোট প্রচারে এসে সেই প্রতিশ্রুতিকে আরও জোরালো করেন স্মৃতি ইরানি। বুধবার এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও ভেদাভেদ ছাড়াই বাংলার সব মহিলাই এই ভাতার আওতায় আসবেন। নির্বাচনী ইস্তাহারে যদিও ‘নিম্ন’ ও ‘নিম্ন মধ্যবিত্ত’ মহিলাদের কথা উল্লেখ ছিল, সেই নিয়ে তৈরি হওয়া সংশয় কাটিয়ে স্মৃতি বলেন, 'এটি শুধু একটি শ্রেণির জন্য নয়, বাংলার প্রতিটি মহিলার জন্যই আমাদের অঙ্গীকার।' শুভেন্দু অধিকারী ও রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ডের সূচনা করেন স্মৃতি ইরানি। প্রতীকীভাবে কয়েকজন মহিলার হাতে সেই কার্ডও তুলে দেওয়া হয়। পাশাপাশি, বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই BJP-র মহিলা মোর্চার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই কার্ডের ফর্ম বিলি ও তথ্য সংগ্রহ শুরু করেছেন বলেও জানা গিয়েছে। ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় এই ভাতা প্রদান করা হবে বলে জানাচ্ছে গেরুয়া শিবির।
ক্ষুব্ধ মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'BJP টাকার বান্ডিল নিয়ে এসেছে। এখন থেকেই রাজ্যে টাকা বিলি করছে। একটা কার্ডও বিলি করছে। সেখানে বলা হচ্ছে ভোটের পরে মেয়েদের টাকা দেওয়া হবে। ভোটের আগে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কার্ড বিলি করার সাহস কী করে পাচ্ছে, এটা আদর্শ আচরণবিধি লঙ্ঘন। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। কার্ড বিলি যেন বন্ধ হয়।' এরপরই আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের তরফ থেকে নির্বাচন কমিশনে BJP-র এই মার্তৃশক্তি কার্ড বিলি নিয়ে অভিযোগ করা হল।