যুবসাথী নিয়ে এবার বড় ঘোষণা অভিষেকেরকথা ছিল ১ এপ্রিল থেকে অ্যাকাউন্টে প্রবেশ করবে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা। কিন্তু শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আন্তর্জাতিক নারী দিবসের ‘উপহার’ হিসাবে শনিবার থেকেই সেই প্রকল্পের সুবিধা পাবেন এ রাজ্যের আবেদনকারীরা। রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, শনিবার ধর্মতলার অবস্থানমঞ্চ থেকে ‘উপহার’ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের জনসভাতে যুবসাথী নিয়ে সেই একথা কথা শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ঠেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রবিবার ব্যাঙ্ক বন্ধ। যাঁরা প্রকল্পে নাম তুলেছেন, সোমবার প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।’
প্রসঙ্গত, মথুরাপুরে যে মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করে গেছিলেন, সেই একই মাঠে রবিবার সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অমিত শাহ সেইদিনের সভা থেকে বাংলার বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন, তার পাল্টা পরিসংখ্যান এদিন পেশ করেন অভিষেক। সেখানেই সভামঞ্চ থেকে অভিষেক বলেন, 'একমাসের মধ্যে প্রকল্পের টাকা মিলছে। রবিবার ব্যাঙ্ক বন্ধ, সোমবার, মঙ্গলবারের মধ্যে ৮৯ লক্ষ অ্যাকউন্টে টাকা ঢুকে যাবে।'
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য সরকার। ফর্ম ফিলাপ হয়েছে জেলায় জেলায়। এপ্রিল থেকে পরিষেবা পাওয়ার কথা জানানো হলেও ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, শনিবার থেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেইমতো বহু আবেদনকারী ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন।