অনুব্রতর গাড়ি আটকে বিক্ষোভবীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ। পাশাপাশি দেওয়া হল স্লোগানও। শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। প্রকাশ্য রাস্তাতে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। যা ঘিরে এখন অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।
জানা যাচ্ছে,বীরভূমের দুবরাজের জয়দেব মোড়ের কাছে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের কনভয় আটকে দেয় তৃণমূল কর্মীদের একাংশ। কর্মীদের অভিযোগ, তৃণমূল নেতা তরুণ গড়াইয়ের ‘অত্যাচারে’ তাঁরা অতিষ্ঠ। তরুণ দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। আবার তৃণমূলের দুবরাজপুর ব্লক যুগ্ম আহ্বায়কও। কর্মীদের অভিযোগ, নানা আর্থিক দুর্নীতিতে তিনি যুক্ত। কাটমানি তোলেন নানা ভাবে। ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার তরুণ গড়াই চলবে না এই দাবিকে সামনে রেখে অনুব্রত মণ্ডলের কনভয় আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। প্রায় দুই থেকে তিন মিনিট অনুব্রত মণ্ডলকে ঘিরে রাখা হয়। স্লোগানও দেওয়া হয় তরুণকে যেন সরিয়ে দেওয়া হয়।
অনুব্রতের গাড়ির উইন্ডোস্ক্রিনের সামনে দাঁড়িয়ে কর্মীরা সমস্বরে বলেন, ‘তরুণ গড়াই পদুমা গ্রাম পঞ্চায়েতের বোধগ্রামে নানা অত্যাচার চালাচ্ছে।’ কাউকে কাউকে বলতে শোনা যায়, ‘ওকে সরান দাদা।’ দৃশ্যতই অপ্রস্তুত দেখায় অনুব্রতকে। তিনি হাত নেড়ে আশ্বাস দেন। সঙ্গে সঙ্গে ‘কেষ্টদা জিন্দাবাদ’, ‘অনুব্রত মণ্ডল জিন্দাবাদ’ স্লোগান ওঠে। ক্ষুব্ধ ওই তৃণমূল কর্মীরা অনুব্রতের হাতে তরুণের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ লেখা একটা চিঠি তুলে দিয়েছেন। ওই ঘটনায় অনুব্রত আলাদা করে কোনও প্রতিক্রিয়া দেননি।
বীরভূমে শাসকদলের গোষ্ঠীকোন্দল বরাবরই চিন্তায় রেখেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। এ নিয়ে একাধিক বার বার্তাও দিয়েছেন তাঁরা। বিধানসভা ভোটের আগে ফের এমন ঘটনা জেলা তৃণমূলের পক্ষে মোটেই স্বস্তিদায়ক নয়।