মহিলা সেজে বাড়ি বাড়ি প্রচারে নামলেন এক বহুরূপী। Ghatal election campaign: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ভোটের ময়দানে অভিনব প্রচার। হাতে ‘লক্ষ্মী ভাণ্ডার’, মুখে সরকারের প্রকল্পের কথা; মহিলা সেজে বাড়ি বাড়ি প্রচারে নামলেন এক বহুরূপী। শাসকদলের প্রার্থীর সমর্থনে এই প্রচার ঘিরে এলাকায় কৌতূহল যেমন বাড়ছে, তেমনই মহিলাদের সাড়া মিলছে বলেও দাবি স্থানীয়দের।
ঘাটাল বিধানসভা কেন্দ্রের এই ছবি এখন চর্চায়। তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে প্রচারে নেমেছেন লক্ষ্মী কর্মকার নামে এক ব্যক্তি। বয়স ৪২। পেশায় তিনি চিত্রশিল্পী। পাশাপাশি বহুরূপীর কাজও করেন। সেই দক্ষতাকেই কাজে লাগিয়ে এবার ভোটের প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন তিনি। মহিলা সেজে, হাতে ‘লক্ষ্মী ভাণ্ডার’-এর প্রতীক নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন।
প্রচার করতে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন, রাজ্য সরকার কী কী প্রকল্প চালু করেছে। বিশেষ করে ‘লক্ষ্মী ভাণ্ডার’ প্রকল্পের কথা বলছেন বারবার। কত টাকা দেওয়া হচ্ছে, কারা পাচ্ছেন; এই সব তথ্যই সহজ ভাষায় বোঝাচ্ছেন এলাকার মহিলাদের। শেষে তৃণমূল প্রার্থীকে জেতানোর আবেদন করছেন। পাশাপাশি ‘জয় বাংলা’ স্লোগানও তুলছেন।
স্থানীয় সূত্রে খবর, ঘাটাল পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকা থেকে এই প্রচার শুরু হয়েছে। তবে শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও একইভাবে প্রচার চালাচ্ছেন লক্ষ্মী কর্মকার। তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূলের মহিলা কর্মী-সমর্থকেরা। দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলছেন তাঁরা।
এই প্রচারের আরও একটি দিক রয়েছে। বাড়িতে পৌঁছে মহিলাদের ‘লক্ষ্মী ভাণ্ডার’ স্পর্শ করিয়ে শপথ নেওয়ার মতো আবহ তৈরি করছেন লক্ষ্মী কর্মকার। স্থানীয়দের একাংশের দাবি, এই অভিনব পদ্ধতি মহিলাদের আকৃষ্ট করছে। অনেকেই আগ্রহ নিয়ে শুনছেন, আবার কেউ কেউ আশীর্বাদও দিচ্ছেন।
লক্ষ্মী কর্মকার দীর্ঘদিন ধরেই Mamata Banerjee-র অনুগামী। এলাকায় সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরতে দেওয়াল লিখনও করেন তিনি। ভোট এলেই তাঁর বহুরূপীর সত্তা যেন আরও সক্রিয় হয়ে ওঠে। লোকসভা, পঞ্চায়েত বা বিধানসভা; সব নির্বাচনেই তিনি এইভাবে প্রচারে অংশ নেন বলে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছতে এই ধরনের অভিনব প্রচার কার্যকর হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে, যেখানে সরাসরি যোগাযোগই বড় বিষয়, সেখানে এমন উদ্যোগ নজর কেড়েছে।
সব মিলিয়ে, ঘাটালের ভোটে এই ‘বহুরূপী প্রচার’ এখন আলোচনার কেন্দ্রে। শাসকদলের তরফে এটিকে জনসংযোগের নতুন পথ হিসেবে তুলে ধরা হচ্ছে। অন্য দিকে বিরোধীদের কটাক্ষও শুরু হয়েছে। তবে ভোটের আগে এই অভিনব প্রচার যে মানুষের নজর কেড়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
রিপোর্টার: শাহজাহান আলি