SIR চূড়ান্ত তালিকায় 'বিচারাধীন' ৬১ লক্ষ ভোটারপশ্চিমবঙ্গে SIR-এর কাজ প্রায় শেষ পর্বে। শনিবারই চূড়ান্ত এসআইআর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নাম বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের। যদি খসড়া তালিকা ধরা হয়, সেক্ষেত্রে মোট নাম বাদ হচ্ছে ৬১ লক্ষ ৭৮ হাজার ২৪৫ জনের। নাম বাতিলের পর বাংলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনে। কিন্তু এর বাইরেও 'বিচারাধীন' রয়েছেন আরও প্রায় ৬১ লক্ষ ভোটার।
সূত্রের তরফে দাবি করা হয়েছে, এই ৬১ লক্ষ ভোটারের তালিকাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে বিচার-এর জন্য জমা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিচার বিভাগীয় আধিকারিকেরা এই তালিকা দেখে যাচাইয়ের পর যাদের গ্রিন সিগন্যাল দেবেন, তাঁরাই ভোটাধিকার পাবেন।
উল্লেখ্য, সুপ্রিম নির্দেশ মেনে শনিবার ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রিপোর্ট মোতাবেক, রাজ্যে মোট ৬৪.৪৫২ মিলিয়ন ভোটার রয়েছে। এর মধ্যে প্রায় ৩২.৮১ মিলিয়ন পুরুষ এবং প্রায় ৩১.৬৪ মিলিয়ন মহিলা। পাশাপাশি ১,১৫২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
যাদের নাম বাদ গেল, তাঁরা কী করবেন?
কোনও ভারতীয় নাগরিকের নাম যদি বাদ হয়, তবে তিনি জেলা নির্বাচন আধিকারিক (DEO)-র কাছে আপিল করতে পারবেন। কমিশনের দাবি, যেখানে ভুল হয়েছে, সেখানে সংশোধনের পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ ইতিমধ্যেই পদ্ধতিগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছে। তবে কমিশনের বক্তব্য, 'এই বিপুল কর্মযজ্ঞে সামান্য ভুলকে বড় করে দেখা ঠিক নয়।'
বিশেষ দ্রষ্টব্য: উপরে উল্লিখিত সংখ্যায় বদল আসতে পারে। কারণ, নির্বাচন কমিশন জানাচ্ছে নথি যাচাই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এছাড়াও, যারা আপিল করবেন, তাঁদেরও নাম যুক্ত হতে পারে। ফলে এই সংখ্যা এখনও স্পষ্ট নয়।