পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬পশ্চিমবঙ্গে কবে বিধানসভা ভোট? কত দফায় হবে? এই দুই প্রশ্নই এখন সবচেয়ে আলোচিত বাংলায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি একেবারে জোরকদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক চলছে রাজ্য নির্বাচন কমিশনেও। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ২০২৬ সালের বিধানসভা ভোট একদফাতেই করতে প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন। CEO দফতরের এক অফিসার (নাম প্রকাশে অনিচ্ছুক) bangla.aajtak.in-কে জানালেন, পশ্চিমবঙ্গে একদফায় ভোটের জন্যই জাতীয় নির্বাচনের কাছে আবেদন জানানো হয়েছে।
১ মার্চ প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী চলে আসছে
তবে সংবাদ সংস্থা PTI-এর খবর অনুযায়ী, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায়, তার উপরে নির্ভর করছে যে কত দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট হবে। বস্তুত, ১ মার্চ প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী চলে আসছে পশ্চিমবঙ্গে। প্রথম দফায় ২৪০ কোম্পানি বাহিনী আসছে। তারপরের দফায় আরও ২৪০ কোম্পানি আসবে। ১০ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সম্ভবত বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন। এক অফিসারের কথায়, 'দোল ও হোলি মিটলেই হয়তো দিনক্ষণ ঘোষণা করা হবে।' ১ মার্চ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে বলে খবর।
কত দফায় ভোট হতে পারে?
২০২১ সালে ৮ দফা বিধানসভা নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে। তবে এ বারে বেশি দফায় সম্ভবত হবে না বলেই এখনও পর্যন্ত শোনা যাচ্ছে। SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ ফেব্রুয়ারি। তারপরেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিতে চায় কমিশন। CEO মনোজ আগরওয়াল ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি একদফায় নির্বাচন করাতে প্রস্তুত। কিন্তু সূত্রের খবর, পশ্চিমবঙ্গে একদফায় ভোট করানো নিয়ে এখনও দোনামনায় জাতীয় নির্বাচন কমিশন। তার মূল কারণ হল, আইন-শৃঙ্খলা। কমিশনের লক্ষ্য, যাতে ভোট শান্তিপূর্ণ ভাবে হয়। তাই সে ক্ষেত্রে ৩ থেকে ৪ দফায় ভোট হওয়ার আলোচনাও চলছে। তবে একদফায় ভোট হওয়ার সম্ভাবনা খুবই কম বলে এখনও পর্যন্ত খবর।
কবে হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন?
মার্চের প্রথম সপ্তাহেই যদি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়, তাহলেও একমাসের মধ্যেই ভোট শুরু হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে এপ্রিল মাসেই ভোটগ্রহণ প্রক্রিয়া মিটে যাবে ও রেজাল্টও বেরিয়ে যাবে। ৭ মে রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হবে। নতুন সরকারকে তার আগেই শপথ নিতে হবে। তাই এখনও পর্যন্ত যা খবর, এপ্রিল মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা। ২০২১ সালে পশ্চিমবঙ্গে ৮ দফায় হয়েছিল। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলেছিল ভোটগ্রহণ পর্ব। সে বার ২৬ ফেব্রুয়ারি ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। ২ মে রেজাল্ট বেরিয়েছিল।
তবে কবে ভোট হবে ও কত দফায় হবে, তা এখনও চূড়ান্ত ভাবে জানানো হয়নি। নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে তা আনুষ্ঠাকি ভাবে ঘোষণা করবে।