হুগলির চুঁচুড়ায় যুব সাথী ক্যাম্পে এমটেক পাশ ছেলের জন্য ফর্ম তুলতে লাইনে দাঁড়ালেন বৃদ্ধ বাবা অলোক মুখোপাধ্যায়। তাঁর ছেলে অর্ণব ডন বসকোতে পড়ে বি.টেক করার পর আইআইটি গুয়াহাটিতে এমটেক করেছেন। উচ্চশিক্ষিত হয়েও এখনও স্থায়ী চাকরি পাননি। ছেলের পড়াশোনা ও চাকরির পরীক্ষার খরচ সামলাতে এই ১,৫০০ টাকার সহায়তা কাজে লাগবে বলেই মনে করছেন তিনি। ক্যাম্পে এমন বহু শিক্ষিত বেকারের পরিবারের উপস্থিতি স্পষ্ট করছে, ডিগ্রি বাড়ছে, কিন্তু কাজের সুযোগ সেই হারে বাড়ছে না বাংলায়।