ভবানীপুর কেন্দ্র থেকে একটি ভোটে হলেও তিনিই জিতবেন বলে সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোল পূর্ণিমা উপলক্ষে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তবে মঞ্চে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী জানান, তাঁর মন ভাল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দোল উৎসবের অনুষ্ঠানের মঞ্চ থেকে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে সুর তোলেন। তাঁর কথায়, 'আমাদের বাংলার প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন। তাঁরা সব হারিয়ে বসে রয়েছেন। আমার মন ভাল নেই। গতকালও একজন ব্যক্তি বিচারাধীন তালিকায় ছিলেন, তাঁর মৃত্যু হয়েছে। পাসপোর্ট, সার্টিফিকেট সহ সমস্ত নথি দেওয়ার পরও তাঁরা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।'