পশ্চিমবঙ্গের Gen Z ভোটারদের বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। গুরুতর অভিযোগ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সর্বদল বৈঠক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে আজ অর্থাত্ সোমবার বৈঠকের পর সেলিম বলেন, 'মুঘল থেকে মোদী, কেউই বাংলার বাস্তবতা ঠিকভাবে বুঝতে পারেনি। গত কয়েক বছরে আমরা দেখেছি, সংবিধানের যে নির্দেশনা রয়েছে, তা ঠিকভাবে মানা হচ্ছে না।' তিনি আরও বলেন, 'গতকাল বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি হয়েছিল। তখনই আমরা বলেছিলাম, বাংলার মানুষের মনের কথা আমরা বুঝতে পারছি। প্রশ্ন হচ্ছে, কেন বাংলার মানুষের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করা হচ্ছে? কেন সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি? প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। নতুন প্রজন্মের বহু ভোটার, বিশেষ করে Gen-Z ভোটারদের নামও অন্তর্ভুক্ত করা হয়নি।'