
ভারতীয়দের এক বড় অংশের মধ্যে আজও ‘সিভিক সেন্স’ কম। রাস্তাঘাট তো বটেই। রেল স্টেশন, প্ল্যাটফর্ম এবং ট্রেনের হাল থেকেই তা স্পষ্ট। যাত্রীরা চলন্ত ট্রেন থেকে বাইরেও আবর্জনা ফেলে দেন। প্ল্যাটফর্মে খাবার বা অন্যান্য জিনিস ফেলে রাখেন। (ছবি: Pixels)

স্টেশন চত্বর, দেওয়াল এবং ট্রেনের কামরায় লেখা, থুতু ফেলা কিংবা যেখানে-সেখানে নোংরা করার মতো অভ্যাস অনেকের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। এবার এই ধরনের কাজ রুখতে জরিমানার পরিমাণ বাড়াল রেল। রেল স্টেশন, প্ল্যাটফর্ম বা ট্রেনের ভিতরে আবর্জনা ফেললে এ বার ১,০০০ টাকা জরিমানা করা হবে। (ছবি: Pixels)

শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে জরিমানার টাকা না দিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। সে ক্ষেত্রে অতিরিক্ত ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই বিষয়ে গত ২৪ অগাস্ট বিজ্ঞপ্তি জারি করেছে রেল মন্ত্রক। এত দিন সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানার নিয়ম ছিল। সেটিই বাড়িয়ে এ বার ১,০০০ টাকা করা হয়েছে। (ছবি: Pixels)

নতুন নিয়ম অনুযায়ী, রেল স্টেশন, প্ল্যাটফর্ম বা ট্রেনের কামরার ভিতরে আবর্জনা ফেলা কিংবা নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও ময়লা ফেলা শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ কোনও যাত্রী বা রেল চত্বরে থাকা কোনও ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নোংরা করলে তাঁর ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। (ছবি: Pixels)

এ ছাড়াও রেল চত্বরে রান্না করা, স্নান করা, থুতু ফেলা, প্রস্রাব করা এবং শৌচকর্ম করাও নিষিদ্ধ। পশু বা পাখিকে খাবার খাওয়ানো, গাড়ি, বাসনপত্র বা জামাকাপড় ধোয়া এবং রেল চত্বরে জিনিসপত্র রেখে যাওয়াও নিয়মবিরুদ্ধ। রেলের সম্পত্তির ক্ষতি করে এমন কাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। (ছবি: Pixels)

অনুমতি ছাড়া ট্রেনের কামরা বা রেলের কোনও সম্পত্তিতে পোস্টার লাগানো, কোনও লেখা কিংবা ছবি আঁকাও নিষিদ্ধ। এর জন্য জরিমানা করার পাশাপাশি শাস্তির ব্যবস্থাও রয়েছে। (ছবি: Pixels)

সংশোধিত নিয়মে অনুমোদিত ভেন্ডর এবং হকারদের দায়িত্বও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাঁদের স্টেশনে পর্যাপ্ত ডাস্টবিন বা আবর্জনা রাখার পাত্র রাখতে হবে। জমা হওয়া আবর্জনা যাতে সঠিক ভাবে সরিয়ে ফেলা হয়, সেই ব্যবস্থাও করতে হবে। (ছবি: Pixels)

ভারতীয় রেল বিশ্বের অন্যতম বড় পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। তাই রেল চত্বর পরিষ্কার রাখা শুধু রেল প্রশাসনের দায়িত্ব নয়। আমাদের, যাত্রীদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। (ছবি: Pixels)

রেল জানিয়েছে, প্রকাশ্যে নোংরা করা কিংবা রেলের সম্পত্তি নষ্ট করার বিষয়টি এবার আরও কড়াভাবে দেখা হবে। তাই
সরকারি সম্পত্তিকে নিজের সম্পত্তির মতোই যত্নে রাখার অভ্যাস তৈরি করতে হবে। (ছবি: Pixels)