প্রচারে আফরিন বেগম।-ফাইল ছবিবামফ্রন্টের নির্বাচনী প্রচারে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তরুণ প্রার্থী আফরিন বেগম। গত ১৬ মার্চ বিমান বসু বালিগঞ্জ কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই পার্টির অন্দরে আফরিনকে ঘিরে আগ্রহ ক্রমশ বাড়ছে।
প্রার্থী ঘোষণার কয়েকদিন আগেই বাম নেতৃত্বের শীর্ষস্তরের বৈঠক হয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ি। এরপর থেকেই নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হয়েছে।
আলিমুদ্দিন সূত্রে জানা যাচ্ছে, নির্বাচনী সভায় বক্তা হিসেবে আফরিন বেগমের চাহিদা তুঙ্গে। বিভিন্ন জেলা থেকে পার্টি নেতারা তাঁর সভার তারিখ চেয়ে ফোন করছেন। তবে শুধু আফরিনই নন, মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্যদের মতো তরুণ মুখদের নিয়েও সমান আগ্রহ রয়েছে। ফলে প্রার্থী-বক্তাদের সময়সূচি মেলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে দলের সংগঠকদের।
দলীয় সূত্রে দাবি, প্রচার যত এগিয়েছে, আফরিনের বক্তব্য ততই পরিণত ও তীক্ষ্ণ হয়েছে। ছাত্র রাজনীতির সময় থেকেই তিনি বিভিন্ন জেলায় বক্তৃতা দিয়েছেন, তবে এবারের নির্বাচনী প্রচারে তাঁর জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়েছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে তাঁর বক্তৃতার ভিডিও ছড়িয়ে পড়ায় জেলা স্তরের কর্মীদের মধ্যেও গ্রহণযোগ্যতা বেড়েছে।
নিজের কেন্দ্র ছাড়াও আফরিন ইতিমধ্যেই টালিগঞ্জ ও যাদবপুরে প্রচার করেছেন। শিগগিরই মালদা ও মুর্শিদাবাদেও যাওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি ডোমকল ও জলঙ্গির মতো এলাকাতেও প্রচারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থী ঘোষণার পর থেকে প্রায় প্রতিদিনই তিনি মাঠে নেমে প্রচার চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি বালিগঞ্জ-গড়িয়াহাট এলাকায় মিছিলেও নেতৃত্ব দেন তিনি।
আফরিনের কথায়, 'ছাত্র রাজনীতি করার সময় থেকেই বিভিন্ন জেলায় কাজ করেছি। এবার দল আমাকে প্রার্থী করেছে, তাই দায়িত্ব পালন করছি। ভবিষ্যতে যেখানে পাঠানো হবে, সেখানেই যাব। মানুষের কাছে পৌঁছনোটাই আসল লক্ষ্য, এটাকে বড় দায়িত্ব হিসেবেই দেখছি।'
সব মিলিয়ে, বামফ্রন্টের প্রচারে তরুণ মুখদের উত্থান এবং বিশেষ করে আফরিন বেগমকে ঘিরে বাড়তি আগ্রহ এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করছে।