বাবরি মসজিদ কি হবে?১৫ বছর পর পালা বদল হতে চলেছে বাংলায়। ক্ষমতা থেকে চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধের পর ২০০-এর বেশি আসনে এগিয়ে বিজেপি। আর এই ট্রেন্ড যে বাংলার রাজনীতিকে একবারে বদলে দিয়েছে, এই কথা তো বলাই বাহুল্য। এখন কোটি টাকার প্রশ্ন হল, হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ঠিক কী হবে? বাংলার মাটিতে এই মসজিদ আদৌ তৈরি হবে, নাকি সেটা স্বপ্নই রয়ে যাবে?
মাথায় রাখতে হবে, কিছু মাস আগেও তৃণমূলে ছিলেন হুমায়ুন। হঠাৎই তাঁর মতিগতি বদলে যায়। তিনি বাবরি তৈরি করবেন বলে ঠিক করেন। এই সময় তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। কিন্তু তারপরও বাবরির লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে ভিত্তিপ্রস্তর করেন। এমনকী শুরু করেন কাজ। কিন্তু এখন ঠিক কী হবে মসজিদের?
এই মসজিদের প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে বিজেপি। তারা জানিয়ে দিয়েছিল, কোনওভাবেই বাবরি তৈরি করতে দেওয়া হবে না। এমনকী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও হুঙ্কার দিয়ে জানান, কোনওভাবেই এই মসজিদ তৈরি হবে না। যদিও এর পাল্টা দেন হুমায়ুন। তিনি বলেন, 'এটা উত্তরপ্রদেশ নয়। এখানে মসজিদ তৈরি হবেই।'
এমন পরিস্থিতিতে মুখ খুলতে বাধ্য হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলেও কোনওভাবেই বাবরি তৈরি হতে দেবে না। একজন বিজেপি সমর্থক বেঁচে থাকলেও এই কাজ হবে না। এমনকী একাধিক হিন্দু সংগঠনও সেই সময় প্রতিবাদ করে।
আরও একটা ব়্যালিতে অমিত শাহ বলেন, 'মমতা দিদি এবং হুমায়ুন কবীরের আমার কথা শোনা উচিত। এটা ভারত এবং কোনও ব্যক্তি এখানে বাবরি মসজিদ তৈরি করতে পারবে না।' পাশাপাশি তিনি হুমায়ুনকেও হুঁশিয়ারি দেন। তিনি বলেন, 'হুমায়ুন কবীর আমার কথা শুনে নাও, এখানে বিজেপি কোনওভাবেই বাবরি মসজিদ তৈরি করা হবে না।'
মাথায় রাখতে হবে, মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুন কবীর বাবরি তৈরি করছেন। ৬ তারিখ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। এমনকী শুরু হয়েছে কাজও। তিনি খুব দ্রুত এই কাজটা করে ফেলবেন জানিয়ে দিয়েছেন।
যদিও এবার বাংলায় ক্ষমতা এল বিজেপি। তারা প্রথম থেকেই মসজিদ তৈরির বিরোধিতা করে এসেছে। তাই এটা দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।
এই প্রসঙ্গে বলি, আম জনতা পার্টি নামে নতুন দল তৈরি করে এবার ভোটে লড়েছেন হুমায়ুন। তিনি নওদা ও রেজিনগরে লড়েছেন। আর দুই কেন্দ্রেই জয়ী হয়েছেন তিনি।