ভোটের জন্য বাড়ি ফিরতে গিয়ে মর্মান্তিক পরিণতিআজ বাদে কাল রাজ্যে নির্বাচন। প্রথম দফার ভোট হচ্ছে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায়। মোট ১৫২টি কেন্দ্রে ভোট দেবেন প্রায় ৩.৬০ কোটি মানুষ। তবে প্রথম দফা নির্বাচনের আগেই ঘটে গেল মৃত্যুর ঘটনা। ভোট দিতে বাড়ি যাওয়ার পথে অসুস্থ হয়ে মৃত্যু হল এক মহিলার। নিজের মতদান করার জন্য রাজস্থান থেকে কোচবিহার ফিরছিলেন ওই মহিলা। কিন্তু ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে ময়নাগুড়ি স্টেশনে নামানো হলেও তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার নাম মিঠি কুণ্ডু। তিনি বর্তমানে রাজস্থানে থাকেন। কিন্তু আদতে তাঁর বাড়ি কোচবিহারের রাসমেলা মাঠ সংলগ্ন এলাকায়। ফলে আগামীকাল ভোট দেওয়ার জন্যই বাড়ি ফিরছিলেন তিনি।
জানা গিয়েছে, রাজস্থান থেকে গতকালই শিয়ালদায় আসেন ওই মহিলা। এরপর সন্ধে ৭টা ৪০-এর উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে কোচবিহারে ফিরছিলেন তিনি। কিন্তু বুধবার সকালে ট্রেন ময়নাগুড়ি ঢোকার মুখে আচমকা অসুস্থ বোধ করতে শুরু করেন ওই মহিলা। তাঁর সঙ্গে থাকা বাড়ির লোকেরা তাঁকে ময়নাগুড়ি স্টেশনে নামালেও শেষরক্ষা করা যায়নি। তড়িঘড়ি GRP-এর সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই মহিলাকে। ঘটনায় ময়নাগুড়ি স্টেশনে চাঞ্চল্য ছড়িয়েছে।
ময়নাগুড়ি রেল স্টেশনের GRP-এর এক আধিকারিক bangla.aajtak.in -কে জানান, ওই মহিলাকে অসুস্থ অবস্থায় স্টেশনে নামানো হয়। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হলেও, তাঁর মৃত্য়ু হয়েছে।