দ্বিতীয় দফা ভোটের আগেই হিঙ্গলগঞ্জ থানার ওসি-কে সরাল কমিশনবৃহস্পতিবার শেষে হয়েছে রাজ্যে প্রথম দফার ভোট। আগামী বুধবার দ্বিতীয় তথা শেষদফার ভোট। আর এই আবহেই হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অবিলম্বে তাঁকে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পক্ষপাতমূলক আচরণের অভিযোগে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসিকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালাকে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, তারা রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা (সিইও) মনোজ আগরওয়ালের পাঠানো একটি রিপোর্ট খতিয়ে দেখেছে। ওই রিপোর্টে পক্ষপাতিত্ব এবং ওসি ও 'স্থানীয় ব্যক্তিদের' মধ্যে আঁতাতের অভিযোগ ছিল।
২৩ এপ্রিলের আদেশে বলা হয়েছে, 'বিষয়টির তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে কমিশন নির্দেশ দিচ্ছে, হিঙ্গলগঞ্জ থানারওসি সন্দীপ সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হোক এবং অবিলম্বে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।' নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্দেশ 'অবিলম্বে' কার্যকর করতে হবে।
শুধু সাসপেনশন নয়, সন্দীপের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে , শুক্রবারই হিঙ্গলগঞ্জে জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর এই নির্বাচনী প্রচারের আগে হিঙ্গলগঞ্জের থানার ওসি-কে সরিয়ে দিল কমিশন।
প্রসঙ্গত, দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল হিঙ্গলগঞ্জে ভোট রয়েছে। তার আগে সন্দীপকে সাসপেন্ড করার ঘটনা নিয়ে রাজনৈতির মহলে শোরগোর পড়েছে। মনে করা হচ্ছে, ভোটের সময় ওই কেন্দ্রের আইনশৃঙ্খলা আরও আঁটোসাঁটো করতে, নজরদারি বাড়াতেই এই সিদ্ধান্ত। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের আনন্দ সরকারের বিরুদ্ধে সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি।