জাহাঙ্গির খান (বাঁ দিকে), অজয় পাল শর্মা (ডান দিকে) আর মাত্র কয়েকঘণ্টা পর দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে উত্তপ্ত হয়ে উঠেছে ফলতা। বিতর্কের মাঝে নির্বাচন কমিশন এবার বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেসের 'পুষ্পা' জাহাঙ্গির খানের গড়ে। মঙ্গলবার রাতে ফলতার জয়েন্ট BDO সৌরভ হাজরাকে পুরুলিয়া হেডকোয়ার্টারে বদলি করার নির্দেশ দিয়েছে কমিশন। তাঁর বদলে দায়িত্ব নিলেন স্পেশাল ডিউটিতে থাকা রম্য ভট্টাচার্য।
ফলতা বিধানসভা কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বও সামলাচ্ছিলেন তিনি। তবে সে দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে এদিন বিকেল সাড়ে ৫টার পর।
উত্তরপ্রদেশ থেকে আসা নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক IPS অজয় শর্মা ফলতায় পা রাখার পর থেকেই এই কেন্দ্র হটস্পটে পরিণত হয়েছে। তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ি এবং অফিসের বাইরে তাঁর হুঁশিয়ারি রীতিমতো ভাইরাল। 'দাবাং' এই অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে জাহাঙ্গিরের দলবল। এমনকী, এই অজয় পাল শর্মা এবং সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানির অভিযোগও করেছে তাঁরা।
উত্তরপ্রদেশের এই 'সিংঘম' অফিসারকে দেখা গিয়েছে, ফলতায় জাহাঙ্গিরের বাড়ির সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিতে। তাঁকে বলতে শোনা গিয়েছে, 'শুনেছি জাহাঙ্গিরের লোকেরা ভয় দেখাচ্ছে। ওঁকে বুঝিয়ে দেবেন। যদি কোনও ভোটারকে ভয় দেখানো হয়, আমরা খবর নেব। যখন যেন কান্নাকাটি না করে।'
এর জবাবও এসেছে তৃণমূল প্রার্থীর তরফে। তিনি বলেন, 'উনি সিংঘম হলে আমি পুষ্পা।' তাঁর লোকজনকে ধমকানো এবং চমকানো হয়েছে বলেও অভিযোগ জাহাঙ্গিরের।
'এনকাউন্টার স্পেশালিস্ট' অজয় পাল শর্মার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপই করল না। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ি এবং অফিস এলাকায় গিয়ে তিনি ধমকাচ্ছেন বলে অভিযোগ তৃণমূলের। উত্তরপ্রদেশ থেকে আসা এই পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। তাঁর অভিযোগ, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন অজয় পাল শর্মা। সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছেন। পাশাপাশি, আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন বলেও অভিযোগ করেন।