ভোটের ডিউটিতেই ‘ফিল্ড ট্রেনিং’, মাঠে নামছে পুলিশের নতুন ৪ 'বোমা বিশেষজ্ঞ' ল্যাব্রাডর

লালবাজারের তথ্য অনুযায়ী, বর্তমানে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে মোট ৪০টি সারমেয় রয়েছে, যার মধ্যে ৩০টিই বিস্ফোরক বিশেষজ্ঞ। গরমের কথা মাথায় রেখে তাদের খাবারের তালিকায় রাখা হয়েছে দই, দেওয়া হচ্ছে গ্লুকোজ। দিনে দু’বার স্নান করানো হচ্ছে ট্রেনিং স্কুলের পুকুরে এবং পুষ্টির জন্য দেওয়া হচ্ছে মুরগির মাংস।

Advertisement
ভোটের ডিউটিতেই ‘ফিল্ড ট্রেনিং’, মাঠে নামছে পুলিশের নতুন ৪ 'বোমা বিশেষজ্ঞ' ল্যাব্রাডরফাইল ছবি
হাইলাইটস
  • প্রশিক্ষণ শেষ করে সদ্য কলকাতায় ফিরেছে চার নতুন ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ সারমেয়, স্নুপি, মুন, ইনা ও টিনা।
  • চাকরিতে যোগ দেওয়ার পরই শুরু হয়েছে তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পর্ব, আর সেই মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে চলতি নির্বাচনের ডিউটি।

প্রশিক্ষণ শেষ করে সদ্য কলকাতায় ফিরেছে চার নতুন ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ সারমেয়, স্নুপি, মুন, ইনা ও টিনা। চাকরিতে যোগ দেওয়ার পরই শুরু হয়েছে তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পর্ব, আর সেই মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে চলতি নির্বাচনের ডিউটি।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই চারটি কুকুরই ল্যাবরাডর প্রজাতির। প্রায় সাত মাস আগে গোয়ালিয়রের বিএসএফ ট্রেনিং সেন্টারে বিশেষ প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল তাদের। সেখানে বিস্ফোরক শনাক্তকরণ ও নিরাপত্তা সংক্রান্ত নানা দিক শেখার পর সম্প্রতি তারা কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে যোগ দিয়েছে।

তবে শুধু প্রশিক্ষণই যথেষ্ট নয়, মাঠে নেমে কাজ শেখাই আসল পরীক্ষা। সেই কারণেই অভিজ্ঞ সারমেয়দের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে ‘প্র্যাকটিক্যাল ট্রেনিং’ নিচ্ছে তারা। পুলিশকর্তাদের মতে, প্রশিক্ষণ কেন্দ্রের অভিজ্ঞতা আর শহরের বাস্তব নিরাপত্তা দায়িত্ব, দুটির মধ্যে পার্থক্য বিস্তর। তাই ভোটের মতো সংবেদনশীল সময়ে সরাসরি ডিউটিতে নামিয়ে দেওয়া হয়েছে এই নতুন সদস্যদের।

বর্তমানে শহরে রাজনৈতিক সভা, মিছিল ও রোড শো-র সংখ্যা বাড়ছে। সেখানে ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঞ্চ ও আশপাশের এলাকা খুঁটিয়ে পরীক্ষা করা, সন্দেহজনক কিছু খুঁজে বের করা, এসব দায়িত্ব সামলাচ্ছে এই প্রশিক্ষিত সারমেয়রা, সঙ্গে থাকছে বম্ব স্কোয়াড।

প্রতিদিনই কখনও চার ঘণ্টা, কখনও পাঁচ ঘণ্টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে ইনা-টিনাদের। গরমের মধ্যে এই কাজ সহজ নয়, তাই বিশেষ যত্ন নেওয়া হচ্ছে তাদের। অসুবিধা হলেই দেওয়া হচ্ছে বিশ্রাম।

লালবাজারের তথ্য অনুযায়ী, বর্তমানে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে মোট ৪০টি সারমেয় রয়েছে, যার মধ্যে ৩০টিই বিস্ফোরক বিশেষজ্ঞ। গরমের কথা মাথায় রেখে তাদের খাবারের তালিকায় রাখা হয়েছে দই, দেওয়া হচ্ছে গ্লুকোজ। দিনে দু’বার স্নান করানো হচ্ছে ট্রেনিং স্কুলের পুকুরে এবং পুষ্টির জন্য দেওয়া হচ্ছে মুরগির মাংস।

 

POST A COMMENT
Advertisement