মদের দোকান বন্ধপশ্চিমবঙ্গ ভোট শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেই মতো এবার ভোটের চারদিন আগেই মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য আবগারি দফতরের পক্ষ থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি। তারপর রবিবার থেকেই বাংলার একাংশের মদের দোকান বন্ধ হয়েছে। যদিও এই খবরেই মন খারাপ সুরাপ্রেমীদের।
কোথায় কোথায় বন্ধ হয়েছে শাটার?
আবগারি দফতর সূত্রে খবর, বাংলায় প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। আর যেখানে যেখানে ভোট, সেই সব জেলা ধরে ধরেই মদের দোকান বন্ধ রাখা হয়েছে। এই যেমন দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমের বন্ধ করা হয়েছে মদের দোকান।
পাশাপাশি সোমবার থেকে মদের ডিপোও বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যার ফলে মদের দোকানগুলি চাইলেও আর কিনতে পারবে মদ।
এই প্রসঙ্গে বলি, বাংলায় দ্বিতীয় দফায় ভোট রয়েছে ২৯ এপ্রিল। সেই দিন কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে ভোট রয়েছে। আর এই সব জেলায় ২৫ এপ্রিল থেকেই বন্ধ থাকবে মদের দোকান বলে জানা যাচ্ছে। এমনকী ৪ মে ভোটের ফলাফল ঘোষণার দিনও মদের দোকান বন্ধ থাকবে। সেই মতোও নির্দেশ দেওয়া হয়েছে।
এতদিন মনে করা হচ্ছিল, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ করা হবে। তবে এবার আরও আগে, ৯৬ ঘণ্টা আগে থেকেই বন্ধ করা হল মদের দোকান। যার সহজ অর্থ হল দুই দিনের বদলে চার দিনের জন্য বন্ধ থাকবে মদের দোকান।
পাশাপাশি কমিশন সূত্রে খবর, ভোটের সময় যাতে বেআইনিভাবেও মদ বিক্রি না হয়, সেটাও নিশ্চিত করতে চাইছে কমিশন। সেই মতো পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার তাদের উদ্দেশ্য কতটা সফল হয়।